চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলতি ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম শেষে ১ জানুয়ারি থেকেই ক্লাস শুরু হওয়ার কথা ছিল নবীন শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৫ নভেম্বরের মধ্যে। হয়েছে ২৬ ডিসেম্বর। এরই মধ্যে সব অনুষদের সাক্ষাৎকারও শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত ১৫ দিনের কার্যক্রম দেড় মাসের বেশি সময়েও শেষ না হওয়ায় শিক্ষাজীবনের প্রথম ভাগেই শিক্ষাজটে পড়লেন নবীন শিক্ষার্থীরা।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অস্থিরতা দীর্ঘায়িত হলে এ জট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮-দলীয় জোটের টানা অবরোধ-হরতালের কারণে ১৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ৪৪টি বিভাগ ও ইনস্টিটিউটের কোনোটিতেই হয়নি ক্লাস। এর আগে ঈদুল আজহার বন্ধ শেষে ১ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুললেও ১৫ নভেম্বর পর্যন্ত ক্লাস হয়েছে এক সপ্তাহ। এর আগে ঈদুল আজহা উপলক্ষে প্রায় এক মাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে এখন প্রায় সব বিভাগ ও ইনস্টিটিউটের চূড়ান্ত পরীক্ষা শুরুর মৌসুম চলছে। এ উপলক্ষে প্রায় সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখও ঘোষণা করে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে গত এক মাসে ৩০টি বিভাগ ও ইনস্টিটিউটের ৪৫টি বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে সব মিলিয়ে ছয় মাসেরও বেশি সেজনজটে পড়তে হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা। অস্থিরতা দীর্ঘায়িত হলে এ জট আরও বাড়বে বলে জানান তাঁরা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগী ভূমিকা না নেওয়ায় হতাশ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইরানা পারভীন ও মোহাম্মদ বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল গত ১৭ ডিসেম্বর। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত করা হয়েছে। এর আগে আমাদের বিভাগে কোনো শিক্ষাজট না থাকলেও এবার রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা পিছিয়ে পড়ব।’ এই বিভাগের তিনটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা গত মাসে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত রয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্রবার) ক্লাস-পরীক্ষা নেওয়া হচ্ছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে কোনো মাথাব্যথা নেই।’ তাঁরা যেকোনো উপায়ে শিক্ষাকার্যক্রম সচল রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় যাতে শিক্ষার্থীরা সেশনজটে না পড়েন, সে জন্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মহল থেকে শুক্রবার ক্লাস ও পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া দরকার। তিনি বলেন, ‘আমি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালনকালে এ শুক্রবারে পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে দিয়েছি। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসা দরকার।’
এদিকে স্থগিত হওয়া বেশ কয়েকটি অনুষদের সাক্ষাৎকারের নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঘোষিত সময়ে সাক্ষাৎকার নেওয়া সম্ভব হবে কি না এ নিয়ে সংশয়ে রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।