হরতাল-অবরোধে সহিংসতা বেড়েই চলেছে। সবার মধ্যে উৎকণ্ঠা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও ভিন্ন চিত্র চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। পুরোদমে চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। এ নিয়ে বিপাকে পড়েছেন অনাবাসিক শিক্ষার্থীরা। প্রতিদিন চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরের রাউজানের চুয়েট ক্যাম্পাসে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন অগ্রগতির কথা ভাবলেও আমলে নিচ্ছেন না শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি। অনাবাসিক শিক্ষার্থীরা ঝুঁঁকি নিয়ে ক্যাম্পাসে যাতায়াত করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্র জানায়, গত রোববার থেকে বৃহস্পতিবার টানা পাঁচ দিনের অবরোধে দেশের বের্িশর ভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকলেও চুয়েটের চারটি বর্ষেরই সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীর অভিযোগ, কর্তৃপক্ষ চুয়েটকে আবাসিক বিশ্ববিদ্যালয় দাবি করে বারবার তাঁদের হলে অবস্থানের পরামর্শ দিলেও প্রকৃতপক্ষে আবাসিক হলগুলোরও বেহাল দশা।
খোঁজ নিয়ে জানা যায়, এখনো প্রথম বর্ষের ১৫০ জন হলে থাকার আসন বরাদ্দ পাননি। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থীকে গণরুমে থাকতে দেওয়া হয়েছে। একেকটি গণরুমে শিক্ষার্থী ১০ থেকে ১৮ জন। একই অবস্থা ছাত্রীহলেও। ফলে আসন না পাওয়া, গণরুমে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ না থাকা ও হলের বিভিন্ন অসুবিধার কারণে বিভিন্ন বর্ষের অন্তত ৬০০ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকছেন। প্রথম বর্ষের শিক্ষার্থী শরৎ বড়ুয়া জানান, গণরুমে পড়াশোনার পরিবেশ না থাকায় নগরের অলংকার এলাকায় ভাড়া বাসায় থাকেন। প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি তাঁকে ক্যাম্পাসে আসতে হয়। তিনি বলেন, ‘কয়েক দিন আগে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে যাওয়ার পথে নজুমিয়া হাট এলাকায় পিকেটিংয়ের শিকার হই। এ সময় আমার মাথায় আঘাত পাই। এর পর থেকে আমার নিরাপত্তা নিয়ে মা-বাবা সব সময় চিন্তিত থাকেন।’ এ ছাড়া গত কয়েক দিনে বিভিন্ন বিভাগের অন্তত ২০ জন শিক্ষার্থী পিকেটিংয়ের শিকার হয়েছেন বলে জানা গেছে।
এদিকে হরতাল ও অবরোধ উপেক্ষা করে শিক্ষা কার্যক্রম চললেও ক্যামপাস থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চলাচল করছে না। ফলে হরতালে বিশ্ববিদ্যালয়ের বাস নিরাপদ না হলেও শিক্ষার্থীদের যাতায়াত কীভাবে নিরাপদ হবে এমন প্রশ্ন সবার।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, সব শিক্ষার্থীর জন্য হলে আসন রয়েছে। যারা আবেদন করেছে তাদের আসন দেওয়াও হচ্ছে। তারপরও অনেকে বাইরে থাকছে। অবরোধে যাতায়াতে যেসব শিক্ষার্থী সমস্যার মুখে পড়ে, তারা চাইলে হলে থাকতে পারে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ হবে না, চলবে।