অবরোধে পুলিশ পাহারায় কেন্দ্রে যাবে কক্সবাজারের পরীক্ষার্থীরা
এসএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠা কাটছে না শিক্ষার্থীদের। বিরোধী জোটের অবরোধ থাকলে কক্সবাজারের পরীক্ষার্থীদের পুলিশ সদস্যরা বিশেষ পাহারায় কেন্দ্রে নিয়ে আসবে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। জেলার আটটি উপজেলার ৩৭টি কেন্দ্রে এবার এসএসসি ও দাখিল পরীক্ষার্থী রয়েছে ১৭ হাজার ৯৬৩ জন।
এর সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বিরোধী জোটের টানা অবরোধ-হরতাল কত দিন চলে আমরা জানি না। অবরোধ থাকলে পরীক্ষা চলবে। সে ক্ষেত্রে কক্সবাজারের প্রতিটা পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে নিয়ে আসতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা নিশ্চিত করা হবে। তাই অবরোধ কর্মসূচি নিয়ে পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’
গত ২৭ জানুয়ারি জেলা প্রশাসনের সন্মেলনকক্ষে ৩৭টি পরীক্ষাকেন্দ্র–সচিবদের নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এ সময় কয়েকজন কেন্দ্রসচিব হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে দুর্গম এলাকার পরীক্ষার্থীদের ঝঁুকি নিয়ে কেন্দ্রে আসা-যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং বিজিবি-পুলিশের পাহারায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর দাবি করেন।
খুরুশকূল এলাকার একজন অভিভাবক বলেন, ‘আমার মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। অবরোধে যান চলাচল বন্ধ থাকলে কিংবা সড়কে কোনো গোলযোগ দেখা দিলে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে (শহরের কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে) পৌঁছাতে তাঁর নানা ঝক্কিঝামেলা পোহাতে হবে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জরুরি।’
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭৪৫ জন। পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৩০০ ছাত্রছাত্রী ১০-১৫ কিলোমিটার দূরের গ্রাম খুরুশকূল ও পিএমখালী থেকে কেন্দ্রে আসবে। এক ্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন হতে পারে।
পাশের কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১০৫৬ জন। এর মধ্যে প্রায় ২০০ জন পরীক্ষার্থী শহরের বাইরে অবস্থান করে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, অবরোধ–হরতালের মধ্যে পরীক্ষা চললে পুলিশ পাহারা দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পেঁৗছে দেবে। আর যারা পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে বাধা দেবে তাদেরও পুলিশ শায়েস্তা করবে। হরতাল-অবরোধের নামে নাশকতা সৃষ্টিকারীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, জেলার ৩৭টি কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৯৬৩ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১১ হাজার ৩৫, দাখিল ৬ হাজার ১৯৯ ও কারিগরিতে ৭২৯ জন।