অবরোধে প্রাণ গেল সবুজ বেষ্টনীর এক হাজার গাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় সড়ক অবরোধের জন্য প্রাণ গেল এক হাজারের বেশি গাছের। বিভিন্ন সড়কের দুই পাশে রোপিত সবুজ বেষ্টনীর গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা (ব্যারিকেড) তৈরি করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ বিভিন্ন সময়ে এসব গাছ কাটা হয়।গত সোম ও মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, চকরিয়ার বরইতলী-পেকুয়া সড়কের আক্কু মিয়ার কাছারি, সাঁকোর পাড় স্টেশন, হাজির ঘোনা সেতু, চৈর ভাঙা, আহমদ ডিলার চৌমুহনী, সাবেক গুলদি, মগনামা এলাকায় রাস্তার ওপর শত শত গাছ কেটে ফেলে রাখা হয়েছে। রাস্তার পাশের এমন একটি গাছ নেই যেখানে কোপ পড়েনি। স্থানীয় লোকজন জানান, এসব স্থানে কমপক্ষে ছয় শ গাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া চড়াপাড়া-বারবাকিয়া সড়কের পেন্ডারপাড়া সেতু, এতিমখানা, কাছারি মোড়া, মাঝেরঘোনা, জারুলবনিয়া এলাকায়ও সবুজ বেষ্টনীর কমপক্ষে চার শ গাছ কেটে সড়কের ওপর ফেলে যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। গাছের গুঁড়ি ফেলে রাখায় হাঁটাচলাও দায় হয়ে পড়েছে। সড়কের সবুজ বেষ্টনীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মগনামা উপকূলীয় বন কর্মকর্তা মুজিব খান বলেন, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর বিভিন্ন সময়ে গাছগুলো লাগানো হয়েছিল। হরতাল সমর্থকেরা নির্বিচারে সড়কের পাশের এক হাজারের বেশি গাছ কেটে ফেলেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আমাদের সংগঠনের কোনো কর্মী সবুজ বেষ্টনীর গাছ নিধনের সঙ্গে জড়িত নয়। এসব দুর্বৃত্তদের কাজ।’জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের ছনুয়া রেঞ্জ কর্মকর্তা মুজিবর রহমান বলেন, এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। নির্বিচারে সড়কের সবুজ বেষ্টনী যারা কেটেছে তাদের বিরুদ্ধে অবশ্যই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।