অবরোধে মাথায় হাত হলুদচাষিদের

গত বছর হলুদের দাম কম থাকায় লাভ হয়নি খাগড়াছড়ির চাষিদের। টানা হরতাল-অবরোধের কারণে এ বছর আবারও লোকসানের মুখে পড়েছেন হলুদচাষিরা। পর পর দুই বছরের ক্ষতির বোঝা কাঁধে পড়ায় দিশেহারা জেলার হলুদ চাষিরা।
হরতালের কারণে গত দুই সপ্তাহের ব্যবধানে খাগড়াছড়ি জেলায় প্রতি কেজি শুকনো হলুদের দাম ১০-১৫ টাকা এবং কাঁচা হলুদের দাম ৩-৫ টাকা কমে গেছে। জেলা সদরের খাগড়াছড়ি বাজার ও দীঘিনালা উপজেলার থানা বাজার ঘুরে দেখা যায়, পাইকারি ক্রেতা কম থাকায় হলুদের দাম পড়ে গেছে। বিক্রেতারা জানান, পাইকারি বাজারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রতি কেজি শুকনো হলুদ ১১৫-১২০ টাকায় বিক্রি হয়েছিল। এ সপ্তাহে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকায়। অপরদিকে কাঁচা হলুদের দাম ১০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে সাত-আট টাকায়।
খাগড়াছড়ি সদরের জামতলী এলাকায় ব্যবসায়ী স্বপন দেওয়ান জানান, হলুদের দাম পড়ে গেলেও তিনি কম কিনেছেন। টানা অবরোধ-হরতালের কারণে পণ্য সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। একই উপজেলার সাতভাইয়াপাড়ার ব্যবসায়ী পাক্রই মারমা কাঁচা হলুদ কিনেছেন প্রতি কেজি এক থেকে দুই টাকা কম দামে। হলুদ সেদ্ধ করে শুকিয়ে বিক্রি করবেন বলে তিনি জানান। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে লাভ হবে কি-না, এ ব্যাপারে সংশয় প্রকাশ করেন তিনি।
খাগড়াছড়ি সদরের হরিনাথপাড়ার কৃষক সুমঙ্গল চাকমা জানান, গত বছর তিনি তিন একর জায়গায় হলুদ চাষ করেছিলেন। তখন তাঁর ক্ষতি হয়েছিল প্রায় ৩০ হাজার টাকা। এ বছর ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় আবারও হলুদ চাষ করেছিলেন। মৌসুমের প্রথম দিকে হলুদের দাম গত বছরের তুলনায় বেশি দেখে তিনি কিছুটা আশান্বিত হয়েছিলেন। এখন অবরোধের কারণে হলুদের দাম আবারও কমে যাচ্ছে। এ কারণে তিনি এ বছরও ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করছেন।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের জ্যেষ্ঠ সহকারী কৃষি কর্মকর্তা রনজিত বিশ্বাস জানান, খাগড়াছড়ি জেলায় এ বছর চার হাজার ৫০০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। গত বছরের তুলনায় এর সংখ্যা ৯০ হেক্টরের কম। হলুদ চাষ করে গত বছর ক্ষতির সম্মুখীন হওয়ায় হলুদের চাষ কিছুটা কমে গেছে। এবারে হলুদের দাম কমে গেলে কৃষকরা আবারও ক্ষতির সম্মুখীন হবে। বারবার ক্ষতির সম্মুখীন হলে হলুদ চাষে কৃষকেরা আগ্রহ হারাবেন।