অবরোধে লোকসান গুনছেন কলাচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধে লোকসান গুনছেন কলাচাষিরা
অবরোধে লোকসান গুনছেন কলাচাষিরা

টানা অবরোধে বিপাকে পড়েছেন খাগড়াছড়ির ফলচাষিরা। বাগানে উৎপাদিত কলা, হলুদ ও আদা সরবরাহ করা যাচ্ছে না শহরে। এতে উৎপাদিত কৃষিপণ্যের দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
গত বৃহস্পতিবার ছিল খাগড়াছড়ি বাজারের হাটের দিন। এদিন বাজারে ঘুরে দেখা যায়, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী কলা কিনছেন। চট্টগ্রাম থেকে পাইকারি ব্যবসায়ীরা না আসায় কম দামে চাষিরা পণ্য ছেড়ে দিচ্ছেন।
কলা বিক্রি করতে আসা খাগড়াছড়ি সদরের জামতলি এলাকার বাগানমালিক কৃষ্ণ কুমার ত্রিপুরা জানান, তিনি ১০ কাঁদি কলার বিক্রি করেছেন মাত্র ৩৫০ টাকায়। অথচ অবরোধ না থাকলে ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করতে পারতেন।
মংসাই প্রু মারমা বড় আকারের চার কাঁদি কলার বিক্রি করেছেন মাত্র ২০০ টাকায়। স্বাভাবিক সময়ে প্রতি কাঁদি কলা ১০০ টাকায় বিক্রি হয় বলে জানান তিনি। কলা ব্যবসায়ীরা বলছেন অবরোধের মধ্যে কলা সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় লোকসানের ঝুঁকি নিয়ে কলা কিনছেন তাঁরা।
এ ছাড়া বাড়তি গাড়িভাড়া গুনতে হচ্ছে বলে কম দামে কলা কিনছেন তাঁরা।
কলা ব্যবসায়ী শামসুল আলম জানান, অবরোধ থাকলেও তাঁরা কলা কিনছেন।
দিনে কলা ট্রাকে ভর্তি করে রাতে চট্টগ্রাম ও কুমিল্লায় পাঠাবেন; যদিও ট্রাক চলাচলে ঝুঁকি রয়েছে। এর জন্য তাঁদের অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির লাইনম্যান এয়ার মোহাম্মদ জানান, কলার মৌসুম না হলেও প্রতিদিন গড়ে ছয় থেকে সাতটি ট্রাকে কলা সরবরাহ করা হয় ঢাকা ও চট্টগ্রামে। এখন অবরোধের করণে ট্রাক কম ছাড়ছে। তবে অবরোধের জন্য বাড়তি ভাড়া আদায় করা হয় না।
বাজারের ব্যবসায়ীরা জানান, টানা অবরোধে শুধু কলা নয়, একইভাবে কাঁচা হলুদ ও আদা ব্যবসায়ও ক্ষতি হচ্ছে। কিছুদিন আগ থেকে হলুদ ও আদা তোলার মৌসুম শুরু হয়েছে।
খাগড়াছড়ি বাজারে অন্তত কয়েক শ মণ কাঁচা হলুদ ও আদা মজুত রয়েছে। এগুলো সংরক্ষণ করাও এখন কঠিন হয়ে পড়েছে।