আমার মা অন্ধ। গ্রামে থাকেন। অন্ধ হলে কি পড়তে পারেন? তাই গর্ভধারিণী মাকে লিখছি না। আমার খবর শুনেও মা রাজধানীতে আসতে পারেননি। কীভাবেই বা আসবেন। কে-ই বা তাঁকে নিয়ে আসবে। অবরোধ ছিল। ধ্যাৎ, এলেই বা কী হতো! মা তো আমাকে দেখতে পেতেন না।
বার্ন ইউনিটে শুয়ে শুয়ে আমার খুব আনন্দ হচ্ছিল। কী ভয়ানক কথা বললাম! পৃথিবীর কেউ কি বিশ্বাস করবে আমার এ কথা? আমার এ জন্য আনন্দ হচ্ছিল যে পেট্রলবোমায় ঝলসে যাওয়া শরীর মা দেখতে পাবেন না। আমার কী সৌভাগ্য, মা অন্ধ!
কোনো কোনো ডাক্তার আমাকে সন্দেহ করছিলেন। সত্যিই কি আমি হাসছি না কাঁদছি? একজন ডাক্তার আপা এলেন। সবে ডাক্তার হয়েছেন মনে হয়। নতুন ডাক্তার। তিনি আমার কপালে হাত রেখে বলেছিলেন, ‘কোনো চিন্তা নাই। এই তো সেরে যাচ্ছে।’ এই কথা বলতে বলতে তাঁর চোখ কেমন ভিজে উঠছিল! কিন্তু আমি তো জানি, আমার কতটুকু পুড়েছে! সহজে কি সারবে!
আমার বুক শুকিয়ে আসছে। যন্ত্রণাটা হঠাৎ বেড়ে গেছে যেন। পাশের রোগীর মৃত্যু-যন্ত্রণা। তাঁর আর্তচিৎকার। ধ্যাৎ, ওটা আমারই চিৎকার।
আমার বেড থেকে জানালার অর্ধেকটা দেখা যায়। দুটো কাক মাঝে মাঝে এসে বসে। আমার যখন যন্ত্রণায় দম বন্ধ হতে চায়, আমি যখন যন্ত্রণায় কাতরাই, যখন বুক ফাটিয়ে কাঁদি, তখন কাক দুইটা পা লাফিয়ে ওঠে। চমকে ওঠে। ওরাও ভয় পেয়ে যায়। উড়ে যায়।
সকাল থেকে মাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। দেখতে পেলে খুব ভালো হতো। কারণ, আমার ডান চোখটায় ঝাপসা দেখছি। হায়, আমি যদি অন্ধ হয়ে যাই। তাহলে মাকে দেখব কীভাবে?
মা অন্ধ হলে কী হবে! তাও দেখতে পায়। ঢাকায় আসার দিন বলেছিল—‘কিরে, তোর মুখটা শুকনো কেন?’
আমি বানিয়ে বানিয়ে বলেছিলাম, ‘তোমার জন্য মন খারাপ করছে মা। তোমাকে ছেড়ে ঢাকায় থাকতে হবে।’
হাঃ হাঃ, আমি মিথ্যে বলেছিলাম। কিন্তু, মা কি সেটা টের পেয়েছিলেন?
দুই দিন বেশ মা মা করে চিৎকার করেছি। ভোরবেলা আমার কান্না থেমে গেছে। নতুন ডাক্তার আপাকে দেখতে পাচ্ছি। নার্স আপাদের দেখতে পাচ্ছি। তাঁরা কেউ আর আমার কাছে আসছেন না। আমার আর চিকিৎসার দরকার নেই।
আমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেবেন। আমাকে একটি অ্যাম্বুলেন্সে শোয়ানো হয়েছে। আমি শুয়ে শুয়ে খুব ভয় পাচ্ছি। অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিয়েছে। মেইন রোডে ওঠার পরই আমার আতঙ্ক বেড়ে গেল। যদি আবার আমার শরীরে কেউ পেট্রলবোমা ছুড়ে দেয়।
ওপরের কথাগুলো লিখে রেখে গেলাম।
কে পড়বে জানি না। কিন্তু মা দেখলে বলতেন, ‘তোর হাতের লেখা খুব সুন্দর।’
আমার মা। অন্ধ হয়েও এসব বলে। মা অপেক্ষায় আছেন। অবরোধেও আমি বাড়ি যাচ্ছি।