অবরোধের মুখে উৎকোচের আংশিক ফেরত দিয়ে বিদায় নিলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুব্ধ জনতার অবরোধের মুখে বাগান-মালী থেকে উৎকোচ হিসেবে নেওয়া গরুর আংশিক দাম দিয়ে বিদায় নিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ গোলামুর রহমান। চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দিয়ে মালীর কাছ থেকে ৩০ হাজার টাকা দামের গরু তিনি উৎকোচ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের মালী বাবুল দে প্রায় তিন বছর ধরে অস্থায়ী ভিত্তিতে মাস্টাররোলে চাকরি করছেন। তিন মাস আগে তিনি চাকরি স্থায়ী করার জন্য ইউএনওর কাছে আবেদন জানান। ইউএনও তাঁর চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। বাবুল একটা দুধের গাভি ছাড়া জমা টাকা-পয়সা নেই জানালে ইউএনও তাঁকে গাভিটা নিয়ে আসতে বলেন। বাবুল দে বলেন, ‘স্যারকে বলেছি, গরুটা আপনাকে দিলাম, আমার চাকরিটা দয়া করে স্থায়ী করে দিলে উপকৃত হব।’এদিকে, ভূমি কার্যালয়ে জমির খতিয়ান সৃজনে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য, কর্মসংস্থান প্রকল্পের অনিয়ম-দুর্নীতি ও ত্রাণ বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ গোলামুর রহমানকে সংস্থাপন মন্ত্রাণালয়ে ওএসডি করা হয়। ৮ জুলাই কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর বদলির আদেশ পৌঁছে। এ খবর পেয়ে বাবুল দে ১৪ জুলাই ইউএনওর কাছে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি স্থায়ী, নয়তো দুধের গাভি ফেরত চান। এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর ও গালিগালাজ করে তাড়িয়ে দেন। এ ছাড়া বাগান মালীর অস্থায়ী চাকরি নেই বলে ইউএনও সরকারি বাসভবন থেকে চলে যাওয়ার জন্য বলেন। পরদিন নৈশপ্রহরী দিয়ে ইউএনওর বাসভবনের পাশে বাবুলের টাকায় করা পানের বরজটিও কেটে তছনছ করে ফেলেন। ওই দিনই গরুটি সোনার পাড়ার গরু ব্যবসায়ী আব্দুল মাজেদের কাছে বিক্রি করে দেন। আব্দুল মাজেদ বলেন, ‘ইউএনও সাহেবের কাছ থেকে ৩৫ হাজার টাকা দিয়ে আমি গরুটি কিনেছি। কার গরু আমি জানি না।’ এদিকে, বাবুল দে এসব ঘটনার বর্ণনা দিয়ে ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উখিয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরীর কাছে ১৪ জুলাই লিখিত অভিযোগ দেন। খবর পেয়ে ইউএনও বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে ওই দিনই পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে চলে যান। ২০ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় তিনি নতুন ইউএনও আসিব বিন ইকরামকে দায়িত্ব (চার্জ) বুঝিয়ে দিতে আসেন। খবর পেয়ে বাবুল তাঁর পরিবার, স্থানীয় শতাধিক জনতা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে ইউএনওর কার্যালয়ে উপস্থিত হন। বিক্ষুব্ধ জনতা ইউএনওর কার্যালয় অবরোধ করে রাখেন। এ সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোছাইন খান ও উখিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবুল দেকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে বিষয়টি নিয়ে আলাপ করেন। একপর্যায়ে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের বাইরে এসে বিক্ষুব্ধ জনতার সামনে পকেট থেকে টাকার বান্ডেল বের করে ১০ হাজার টাকা বাবুলের হাতে দিয়ে তাঁকে ক্ষমা করার জন্য বলেন। পরে জনতা শান্ত হয়ে ফিরে যান। এ সময় বাবুল দে বলেন, ‘আমার ৩০ হাজার টাকা দামের গরুর মাত্র ১০ হাজার টাকা পেয়েছি। কী করব স্যার যা দিয়েছেন। আমার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে।’ বাবুল দের স্ত্রী মঞ্জুরানী দে কেঁদে কেঁদে বলেন, ‘গাভিটি আমার শখের ছিল। এটির দুধ বিক্রি করে ছেলেমেয়ের পড়ালেখার খরচ চালাতাম।’ আওয়ামী লীগের দুই নেতা এ প্রসঙ্গে বলেন, ‘ইউএনওর কারণে উখিয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একজন ইউএনওর চাকরি দেওয়ার নামে গরু ঘুষ নেওয়া ন্যক্কারজনক ঘটনা।’উপজেলা চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী অভিযোগের কথা স্বীকার করে বলেন, ‘সমাধান হওয়ায় হতদরিদ্র বাগান-মালী বাবুলের কিছুটা হলেও উপকার হবে।’ বিদায়ী ইউএনও মুহাম্মদ গোলামুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে, আমারও ভুল হয়েছে। মূলত বাবুলের গাভিটি আমি ছেলেদের জন্য শখের বসে নিয়েছিলাম, তবে তাঁকে এর মূল্য দেব বলেছিলাম। তাঁর চাকরির ব্যাপারে নয়। আমি তো চাকরি দিতে পারি না, প্রয়োজনে সুপারিশ করতে পারি।’