অবশেষে অবসর
২৯ বছর একটানা স্পিকার পদে থাকার নজির জানামতে গোটা বিশ্বেই আর নেই। এই প্রায় নিশ্চিতভাবেই অনন্য রেকর্ডটির অধিকারী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বর্তমান স্পিকার হাসিম আবদুল হালিম। ১০ মার্চ তাঁর শেষবারের মতো অধিবেশনে সভাপতিত্ব করার কথা ছিল। ১৯৮২ সালের ৬ মে হাসিম আবদুল হালিম প্রথম স্পিকার হয়েছিলেন। তখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় বামফ্রন্ট। দ্বিতীয় বামফ্রন্ট সরকারের সময় স্পিকার হওয়ার পর থেকে আজও তিনি সেই পদে। স্পিকার পদ গ্রহণের আগে আবদুল হালিম পশ্চিমবঙ্গের বিচার বিভাগীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর। সব মিলিয়ে তিনি একটানা ৩৪ বছর ধরে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য বা বিধায়ক (এমএলএ)। ১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আবদুল হালিম সিপিআইএম-এর প্রার্থী হিসেবে প্রথম কলকাতার এন্টালি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। জয়ী হয়েছেন ১৯৭৭-পরবর্তী সব কটি বিধানসভার নির্বাচনেই। হাসিম আবদুল হালিমের বয়স এখন ৭৬। গত শুক্রবার বিদায়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যগত কারণে এবার আর নির্বাচনে দাঁড়াচ্ছেন না। শনিবার যোগাযোগ করা হলে বর্ষীয়ান এই সাংসদ প্রথম আলোকে বলেন, ‘২৯ বছর ধরে স্পিকার আছি। ৩৪ বছর ধরে বিধায়ক। পাঁচ বছর মন্ত্রী ছিলাম। অনেক হয়েছে। আমার শরীর আর পারমিট করছে না। হার্টের অপারেশন হয়েছে। তাই এখন বিশ্রাম নিতে চাই। যদিও দল আমাকে এবারও নির্বাচনে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিল।’