অবশেষে আইনের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯০ দশকের রক্তক্ষীয় বলকান যুদ্ধের সময় সার্বিয়ার জেনারেল রাতকো ম্লাদিচ বহুদিন ছিলেন রহস্যময়, প্রায় পৌরাণিক ভাবমূর্তির একজন মানুষ। একান্ত ঘনিষ্ঠজনেরা ছাড়া খুব কম লোকই তাঁকে চর্মচক্ষে দেখেছে। অনেক সার্বিয়াবাসী মনে করেন, ম্লাদিচ ছিলেন জাতীয় বীর। তিনি জাতির অহংকার ও মূল্যবোধ রক্ষা করেছেন। তবে ম্লাদিচের শিকার হয়েছেন যাঁরা, তাঁদের পরিবারের মতে, তিনি একজন ঠান্ডা মাথার খুনি। তাঁরা বলেন, যুগোস্ল্লাভিয়া ভেঙে যাওয়ার বছরগুলোতে রাতকো ম্লাদিচ তাঁর সৈন্যদের দিয়ে যা করিয়েছেন তা যুদ্ধ নয়, বরং গণহত্যা। দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে সার্ব, মুসলিম ও ক্রোয়াট এই তিন পক্ষই নানা ঘৃণ্য অপরাধের দায়ে অভিযুক্ত হলেও কুখ্যাতিতে সবাইকে ছাড়িয়ে গেছে রাতকো ম্লাদিচের বাহিনী। ১৯৯৫ সালের জুলাই মাসে পূর্ব বসনিয়ার স্রেব্রেনিৎসা শহরে গণহত্যা চালিয়ে কিশোরসহ প্রায় আট হাজার মুসলিম পুরুষকে হত্যা করে তারা। কয়েক বছর বলকান যুদ্ধের খবর সংগ্রহ করেছেন পশ্চিমা সাংবাদিক জ্যানাইন দি জোভান্নি। ওই অঞ্চলে অনেক ঘুরলেও রাতকো ম্লাদিচের সঙ্গে তাঁর দেখা হয়েছিল মাত্র একবার। সেটা ১৯৯৩ সালের শীতের কোনো একদিন। সার্বীয় সেনারা তখন বসনীয় জনপদগুলোতে ত্রাসের রাজত্ব চালাচ্ছে। জোভান্নি ঝড়-বৃষ্টি ঠেলে সার্বদের শক্ত ঘাঁটি লুকাভিচায় যান। রাতকো ম্লাদিচ ও তাঁর বাহিনী সেখানে যাত্রাবিরতি করেছিলেন। একটি জিপে বসে ছিলেন ম্লাদিচ। সাংবাদিক জোভান্নি কাছে গিয়ে জানালেন, তিনি তাঁর সাক্ষাৎকার নিতে চান। ম্লাদিচ জোভান্নির দিকে এমনভাবে তাকালেন যেন তিনি ভিন গ্রহের কোনো প্রাণী। শুধু তাই নয়, এক সঙ্গীকে ডেকে বললেন, জোভান্নি দ্রুত কেটে না পড়লে তাঁকে গাড়িচাপা দেওয়া হবে। সেটিই ছিল রাতকো ম্লাদিচের সঙ্গে ওই সাংবাদিকের প্রথম ও শেষ সাক্ষাৎ। ব্যক্তি রাতকো ম্লাদিচকে চিনতে ওপরের ঘটনাটি নিশ্চয়ই সাহায্য করে।ওই ঘটনার প্রায় দুই দশক পর গত ২৬ মে ম্লাদিচ গ্রেপ্তার হন। যদিও স্ত্রী বোসিলিকা দাবি করেছিলেন তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হতো, গ্রেপ্তার এড়াতে ম্লাদিচ প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে ফেলেছেন। কিন্তু ধরা পড়ার পর দেখা গেছে, বয়সের ছাপ পড়লেও সেই একই চেহারা রয়ে গেছে ইউরোপের সবচেয়ে কুখ্যাত ফেরার আসামির। তথ্য ফাঁসসহ বিভিন্ন কারণে অল্পের জন্য অনেকবার পালিয়ে যেতে পারলেও এবার সার্ব গোয়েন্দাদের হাত থেকে আর রেহাই পাননি তিনি। সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিচ বলেছেন, ম্লাদিচের গ্রেপ্তার তাঁদের ‘ইতিহাসের এক কঠিন সময়ের’ ইতি টেনেছে। স্রেব্রেনিৎসা উইমেন অ্যাসোসিয়েশনের প্রধান হাজরা কাতিচ বলেছেন, ‘১৯৯৫ সালের গণহত্যায় স্বজন হারানো মানুষের দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষা শেষ হলো।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে স্রেব্রেনিৎসার এ গণহত্যাই সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড। ইউরোপের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে গণ্য করা হয় এ ঘটনাকে। যুদ্ধাপরাধের তদন্তকারী ও প্রত্যক্ষদর্শীরা ওই ঘটনার জন্য রাতকো ম্লাদিচকে খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পক্ষে বহু আগেই মত দেন। তার পরও ৬৯ বছর বয়সী অসুস্থ এই ফেরারি জেনারেলকে ধরতে এত সময় লাগল কেন? এ প্রশ্নের জবাবে ম্লাদিচকে খুঁজে বের করার অভিযান বিষয়ে ওয়াকিবহাল বেলগ্রেড ইউনিভার্সিটির সন্ত্রাসবাদ অধ্যয়ন বিষয়ের অধ্যাপক জোরান দ্রাজিসিচ বলেন, সার্বিয়ার সামরিক বাহিনীর ভেতর থাকা সরকারি এজেন্টরা তাঁকে রক্ষা করেছিলেন। এ কারণেই তিনি এত দিন পালিয়ে থাকতে পেরেছেন। হেগের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি সার্জ ব্রামার্টজ সব খুটিনাটি মেনে অগ্রসর হয়েছিলেন। কিন্তু তাঁর তথ্য নিজেদের ভেতর থেকেই ফাঁস হয়ে যেত। যুক্তরাষ্ট্র ও সার্বিয়ার সরকার ম্লাদিচকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ ডলারের বেশি পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মূলত দুটি কারণে কেউ বেশি দিন লেগে থাকেননি। প্রথমত, সার্বিয়ার ভূখণ্ডগত দুর্গমতা ও দ্বিতীয়ত দেশটির আইন যাতে পুরস্কারের জন্য কাউকে ধরিয়ে দেওয়া নিষিদ্ধ। অন্যদিকে সার্বিয়ার সাধারণ মানুষ মনে করেন, পুরস্কারের টাকা নিতে গেলে কেউ দুই মিনিটও বাঁচতে পারবে না। কেননা সেখানে অনেকের কাছে এখনো ম্লাদিচ জাতীয় বীর। প্রায় তিন বছর আগে ম্লাদিচকে প্রত্যন্ত এক গ্রামে দেখা গিয়েছিল। কিন্তু সেখানে কর্তৃপক্ষের লোকজন পৌঁছানোর আগেই খবর পেয়ে গেলে তিনি হাওয়ায় মিলিয়ে যান। একসময় বেলগ্রেডের একটি অ্যাপার্টমেন্টে উঠেছিলেন তিনি। বের হতেন শুধু রাতে। সন্দিহান এক প্রতিবেশীর কাছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। কিন্তু পুলিশের পথে বাধা সৃষ্টি করে ম্লাদিচের সমর্থকেরা। সে সুযোগে এবারও কেটে পড়তে সক্ষম হন তিনি। এভাবে বহুবার তিনি বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার এড়িয়েছেন। রাতকো ম্লাদিচ এতবার ধরা পড়া থেকে বেঁচে গেছেন যে এ বিষয়টি নিয়ে নানা কেচ্ছার জন্ম নিয়েছে। এগুলোর সত্য-মিথ্যা কতটুকু বলা মুশকিল। একটা কাহিনি হচ্ছে মার্কিন কূটনীতিক রিচার্ড হলব্রুকের সঙ্গে পর্যন্ত তাঁর সমঝোতা হয়েছিল। সার্বিয়ার এক অনুসন্ধানী সাংবাদিক বলেছেন, ‘ম্লাদিচের ওপর ডেটন শান্তি চুক্তির পর বসনিয়ায় মার্কিন সৈন্যদের স্বাগত জানানোর কথা ছিল। অনেকেই মনে করেন, মার্কিনরা ম্লাদিচকে কথা দিয়েছিল যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা করলে আর নির্বাচনে না দাঁড়ালে তাঁকে বিচারের হাত থেকে বাঁচিয়ে দেওয়া হবে।’ তবে কয়েক মাস আগে প্রয়াত হলব্রুকের স্ত্রী এ কথাকে সর্বৈব মিথ্যা আখ্যা দিয়ে বলেছেন, নিজের গা বাঁচাতে সার্বীয় নেতা রাদোভান কারাদজিদ এ গল্প বানিয়েছেন। কারাদজিদ নিজেও এখন দ্য হেগে বিচার-প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।রাতকো ম্লাদিচ বলকানে কেন এমন রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন, তা আলোচনা করতে গেলে তাঁর পরিচিতজনের কেউ কেউ মেয়ে এনা ম্লাদিচের আত্মহত্যার কথা বলে থাকেন। ১৯৯৪ সালে রহস্যময় পরিস্থিতিতে আত্মহত্যা করেছিলেন ১৯ বছর বয়সী ডাক্তারি পাঠরত এনা। অনেকেই বলেন, বাবা ম্লাদিচের নৃশংসতার জন্য লোকের কথা শুনতে শুনতে ত্যক্ত-বিরক্ত হয়ে পড়েছিলেন এনা। কেউবা বলেন, বাবার বদনাম নয়, দেশের আরও বহু লোকের মতোই বছরের পর বছর ধরে চলা যুদ্ধে ভয়ানক ক্লান্ত হয়ে মৃত্যুকে বেছে নেন এনা। ম্লাদিচকে ঘনিষ্ঠভাবে দেখেছেন এমন অনেকে বলেন, মেয়ের আত্মহত্যা তাঁকে প্রায় উন্মাদ করে দেয়। তার আগে তিনি নাকি ভালো যোদ্ধা ও যোগ্য নেতা হিসেবে সেনাদের কাছের মানুষ ছিলেন। ম্লাদিচের অন্যতম কমান্ডার জোভান বলেছেন, তাঁর জীবন দুটি পর্যায়ে বিভক্ত। একটি হলো এনার মৃত্যুর আগে আর অন্যটি এনার মৃত্যুর পরে। মেয়ের মৃত্যুর পর তাঁর হূদয় ভেঙে যায়। এর কিছুদিন পরই ঘটে স্রেব্রেনিৎসা অধ্যায়। তবে মেয়ের আত্মহত্যার আগেও যে নির্মমতার জন্য কুখ্যাত ছিলেন ম্লাদিচ তা প্রমাণিত সত্য ও সর্বজনস্বীকৃত।  দেওয়ান আব্দুল খালেক