অবশেষে আইনের হাতে টেইলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় আফ্রিকার সবচেয়ে পরিচিত যুদ্ধবাজ নেতাদের একজন ছিলেন তিনি। নিজ দেশের গৃহযুদ্ধের সময় বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তৎপরতা চালিয়েছেন তাঁর বাহিনীর সদস্যরা। প্রতিবেশী দেশের গৃহযুদ্ধেও জড়িত হয়েছেন। ওই সময় তো বটেই, পরে প্রেসিডেন্ট হয়েও চালিয়েছেন নানা মানবতাবিরোধী কর্মকাণ্ড। তবে কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাঁকে। হয়েছেন দোষী সাব্যস্ত।তিনি লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলর। সিয়েরা লিওনের গৃহযুদ্ধে যুদ্ধাপরাধে সহায়তা করার দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। গত মাসের শেষে দ্য হেগে সিয়েরা লিওন-বিষয়ক বিশেষ আদালত এই রায় দেন। এ রায়কে মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে আফ্রিকার সব নেতার প্রতিই একটা সতর্কতা হিসেবে দেখছেন অনেকে। ৩০ মে টেইলরের দণ্ড ঘোষণা করার কথা। এর আগে আদালতে দেওয়া শেষ বক্তব্যে সাবেক এ যুদ্ধবাজ নেতা বলেন, সরকারি পক্ষ ভয়ভীতি ও ঘুষ দিয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য জোগাড় করেছে। সরকারি পক্ষ তাঁর ৮০ বছরের কারাদণ্ডের আবেদন করেছে। বলা হচ্ছে, এ মেয়াদ তাঁর অপরাধের মাত্রা যে কত গুরুতর, তা-ই তুলে ধরে। বিবাদীপক্ষ বলছে, ৬৪ বছরের বৃদ্ধ টেইলরের জন্য এ শাস্তি হবে অসংগতিপূর্ণ।স্বাভাবিকভাবেই প্রতিবেশী দুই দেশে আদালতের রায় নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া হয়েছে। সিয়েরা লিওনের মানুষ এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ, তারা দেশটির গৃহযুদ্ধের সময় টেইলর-সমর্থিত বাহিনীকে ব্যাপক মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাতে দেখেছে। অন্যদিকে, লাইবেরিয়ায় সৃষ্টি হয় উত্তেজনার। রায় ঘোষণার আগে রাজধানী মনরোভিয়ার রাস্তায় টেইলরের কিছু সমর্থক মিছিল বের করেন। তবে পরে তাঁরা নীরব হয়ে যান। চার্লস টেইলরকে দোষী সাব্যস্ত করে দেওয়া রায়কে আফ্রিকার সংবাদমাধ্যম স্বাগত জানিয়েছে। প্রচারমাধ্যমে বিশ্লেষকেরা বলেছেন, রায়টি এ বার্তাই দিচ্ছে যে অপরাধ করলে শেষ রক্ষা হয় না। আর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ—সব কালের যুদ্ধাপরাধীদের জন্যই এটা একটা কড়া হুঁশিয়ারি। সিয়েরা লিওনের একটি পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘দায়মুক্তির দিন আর নেই।’কেনিয়ার বহুল প্রচারিত ডেইলি নেশন লিখেছে, চার্লস টেইলরের বিচার করতে প্রায় পাঁচ বছর লেগে গেছে। তবে আন্তর্জাতিক বিচারব্যবস্থা অন্তত পর্যন্ত বিচারটি শেষ করতে পেরেছে।আফ্রিকার আরেক দেশ আইভরি কোস্টের কয়েকটি সংবাদপত্র বিচারের রায়কে সে দেশের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবোর বিরুদ্ধে হুঁশিয়ারি হিসেবে বর্ণনা করেছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দ্য হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচারের অপেক্ষায় আছেন বাগবো। জিম্বাবুয়ে ইনডিপেন্ডেন্ট পত্রিকার ভাষ্য, টেইলরের বিচারের রায় প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকেও ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দেবে। চার্লস টেইলরের জীবন বিচিত্র অভিজ্ঞতায় ভরা বললে কমই বলা হবে। যুক্তরাষ্ট্র থেকে ডিগ্রি নিয়ে আসার পর সরকারি চাকরিতে যোগ দেন। ক্ষমতায় তখন স্যামুয়েল ডো। দুর্নীতির দায়ে চাকরি যাওয়ার কিছুদিন পর টেইলর চলে যান লিবিয়ায়। সেখানে গেরিলাযুদ্ধের প্রশিক্ষণ নেন। স্যামুয়েল ডো সরকারকে উৎখাতের লক্ষ্যে ১৯৮৯ সালে দেশে ফিরে ন্যাশনাল প্যাট্রিয়টিক ফ্রন্ট নামে বাহিনী গড়ে তোলেন। এর পেছনে ছিল লিবিয়ার সমর্থন। শুরু হয় লাইবেরিয়ার প্রথম গৃহযুদ্ধ। স্যামুয়েল ডোর মৃত্যুদণ্ড কার্যকরের পর দেশের বড় একটি অংশ টেইলর বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। একপর্যায়ে শান্তিচুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। দেশবাসীর মধ্যে ব্যাপক ভয়ভীতি ছড়িয়ে ১৯৯৭ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হন টেইলর। এর অনেক আগেই ১৯৯১ সালে প্রতিবেশী সিয়েরা লিওনে শুরু হওয়া গৃহযুদ্ধে ভূমিকা রাখেন তিনি। সিয়েরা লিওনের বিদ্রোহী বাহিনী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টকে সমর্থন দেন তিনি। সিয়েরা লিওনের যুদ্ধের সূত্রে ক্ষমতায় থাকার সময়ই তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। দেশে অজনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরিণতিতে ১৯৯৯ সালে শুরু হয় লাইবেরিয়ার দ্বিতীয় গৃহযুদ্ধ। ২০০৩ সাল নাগাদ রাজধানীর বাইরের বিশাল অংশের ওপর নিয়ন্ত্রণ হারান টেইলর। সিয়েরা লিওন-বিষয়ক বিশেষ আদালত তাঁকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করেন। আন্তর্জাতিক চাপে পরের বছরই পদত্যাগ করে নাইজেরিয়ায় নির্বাসনে যান টেইলর। কিন্তু শেষ পর্যন্ত এভাবে বিচার এড়াতে পারেননি। আবুল হোসেন