অবশেষে আবাসন পাচ্ছেন নারী পোশাকশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মাসের মধ্যে চট্টগ্রামের পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের অন্তত ১ শতাংশের আবাসন সমস্যা দূর হতে যাচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর যৌথ উদ্যোগে প্রকল্পটির কাজ চলছে। তিন মাসের মধ্যে কাজ শেষ করে বিজিএমইএকে নির্মিত ভবনগুলো বুঝিয়ে দিতে পারবে বলে আশা করছে সিডিএ।
নবনির্মিত এ ভবনগুলোতে চার হাজার নারী শ্রমিক থাকতে পারবেন বলে জানিয়েছে বিজিএমইএ ও সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, এটিই নারী শ্রমিকদের জন্য নেওয়া বাংলাদেশে প্রথম আবাসন প্রকল্প। কাজ শেষ না হলেও অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১২ অক্টোবর এসব ভবনের উদ্বোধন করে গেছেন।
সিডিএ ও বিজিএমইএ সূত্রে জানা গেছে, নগরের সল্টগোলায় সিডিএর নিজস্ব সাড়ে ৩৬ কাঠা জায়গায় ছয়তলাবিশিষ্ট পাঁচটি ভবন তৈরির কাজ চলছে। এতে ব্যয় হচ্ছে ৩০ কোটি টাকা। নির্মিত ভবনগুলোতে ৯৮ হাজার ৩২৭ বর্গফুট জায়গায় প্রায় ৫০০টি কক্ষ থাকবে। প্রতিটি কক্ষে চার থেকে আটজন শ্রমিক থাকতে পারবেন। কক্ষের আয়তন গড়ে ১৭৬ বর্গফুট।
প্রকল্পের মেয়াদ ছিল ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত। কিন্তু কাজ শুরু করতেই ২০১২ সাল লেগে যায়। ওই বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইলিয়াস জানান, পাঁচটি ভবনের মধ্যে দুটির রঙের কাজ শেষ হয়েছে। বাকি তিনটি ভবনেরও প্রায় ৮০ শতাংশ কাজ শেষ। জানা গেছে, শ্রমিকদের জীবনমান উন্নত করার লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের পর ঢাকার আশুলিয়াতেও নারী শ্রমিকদের ডরমিটরি নির্মিত হচ্ছে।
বিজিএমইএর হিসেবে, কমপক্ষে চার লাখ নারী শ্রমিক চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে কাজ করছে। সে হিসেবে তাঁদের মাত্র ১ শতাংশ জায়গা পাবেন ডরমিটরিতে। এ বিষয়ে বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি মো. নাসিরউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের বেসরকারি খাতে কোনো শ্রমিকের জন্যই আজ পর্যন্ত আবাসন প্রকল্প নিয়ে কেউ এগিয়ে আসেনি। সরকার যদি আন্তরিক থাকে, তাহলে কয়েক বছরেই আরও বিপুলসংখ্যক শ্রমিকের নিরাপদ আবাসনের ব্যবস্থা করা সম্ভব।
বিজিএমইএ জানিয়েছে, বিভিন্ন পোশাক কারখানা মালিকের কাছে ইতিমধ্যে ভবন বিক্রি করা শুরু হয়েছে। প্রতি বর্গফুট তিন হাজার টাকায় এ পর্যন্ত ২৬ জন মালিক ভবনগুলোর কক্ষ কিনেছেন। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এগুলো বিক্রি করা হয়েছে। তবে পোশাকশিল্পের মালিকেরা কীভাবে শ্রমিকদের কক্ষ বরাদ্দ দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে।
আর এস ডি ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস তাদের নারী শ্রমিকদের জন্য ১০টি কক্ষ কিনেছে। প্রতিষ্ঠানটির পরিচালক অঞ্জন শেখর দাশ প্রথম আলোকে বলেন, ‘আমরা আপাতত কারখানার ৮০ জন শ্রমিকের আবাসনের ব্যবস্থা করেছি।’
প্রতিটি ভবনের নিচতলায় রাখা হয়েছে বিশ্রাম কক্ষ, টেলিভিশন কক্ষ ও অতিথিদের অপেক্ষা করার কক্ষ।