অবশেষে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস আন্দোলনের পর চকরিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। এবার এ কলেজের শিক্ষার্থীরা চকরিয়া আবাসিক মহিলা কলেজে পরীক্ষা দেবেন। ১ মার্চ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্তের সই করা এ সম্পর্কিত চিঠি কলেজে এসে পৌঁছে। কলেজ সূত্র জানায়, ২০০৪ সাল থেকে চকরিয়া কলেজের শিক্ষার্থীরা প্রায় ১৫ কিলোমিটার দূরে উপজেলার ডুলাহাজারা কলেজে পরীক্ষা দিয়ে আসছিল। এতে শিক্ষার্থীরা আবাসন ও পরিবহন সমস্যায় ভুগছিল। তাই তাঁরা এ কেন্দ্রটি স্থানান্তরের দাবিতে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে লাগাতার ক্লাস বর্জনের পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, মানববন্ধন, স্মারকলিপি পেশসহ নানা কর্মসূচি পালন করেছে। পরীক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন কলেজের অন্য শিক্ষার্থীরাও। এ অবস্থায় কলেজে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।এদিকে শিক্ষা বোর্ডের ওই চিঠিতে ডুলাহাজারা কলেজের শিক্ষার্থীদেরও দূরত্ব বিবেচনা করে কলেজের পাশের মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান উচ্চবিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করে দেওয়া হয়েছে। গত সোমবার চিঠিটি চকরিয়া কলেজে পৌঁছার পর শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। তাঁরা কলেজে মিষ্টি বিতরণ ও রং ছিটিয়ে আনন্দ করেন। চকরিয়া কলেজের অধ্যক্ষ আবদুলল্লাহ মাসউদ কেন্দ্র স্থানান্তরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ‘পরীক্ষাকেন্দ্রের স্থান পরিবর্তন করায় দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে। এতে শিক্ষার্থীদের দুর্ভোগও লাঘব হবে।’