অবশেষে একযুগ পর শেষ হলো সেতুর নির্মাণকাজ
রাঙ্গুনিয়া উপজেলার শিলক খালের ওপর সেতুটির নির্মাণকাজ শুরু হয় ১৯৯৯ সালে। কিন্তু সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগে সরকার পরিবর্তন হলে হঠাৎ ঠিকাদার কাজ বন্ধ করে উধাও হয়ে যান। এভাবে কেটে যায় ১০ বছর। ২০০৯ সালে এসে আবার শুরু হয় সেতুটির নির্মাণকাজ। অবশেষে নির্মাণকাজ শেষে গত ২৮ এপ্রিল থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বহু কাঙ্ক্ষিত এ সেতুটি চালু হওয়ায় চার ইউনিয়নের লক্ষাধিক মানুষের মধ্যে বইছে আনন্দের জোয়ার। মধ্যম পদুয়া গ্রামের শিক্ষক মো. তারেক হোসেন বলেন, ‘সেতুটি শিলক, সরফভাটা, পদুয়া ও কোদালা ইউনিয়নের বাসিন্দাদের স্বপ্ন ছিল। ১০ বছর ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় এসব ইউনিয়নের মানুষ হতাশ হয়ে পড়েছিল। কিন্তু প্রায় একযুগ পর হলেও সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ায় আমরা খুশি।’ জানা যায়, কর্ণফুলী নদীর কারণে দক্ষিণে অবস্থিত চারটি ইউনিয়ন রাঙ্গুনিয়ার মূল অংশ থেকে বিচ্ছিন্ন ছিল। কর্ণফুলীর শাখা শিলক খালে সংযোগসেতু না থাকায় ওই চার ইউনিয়নের মধ্যে শিলক, কোদালা, পদুয়া ইউনিয়ন কাপ্তাই সড়কসংলগ্ন সরফভাটা ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন ছিল। পদুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ১৯৯৭ সালে সড়ক ও জনপথ বিভাগ প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণকাজের দরপত্র আহ্বান করে। কাসেম এন্টারপ্রাইজ নামে চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ পায়। ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে সেতুর নির্মাণকাজ শুরু হয়। কাজ শুরুর দুই বছরে তারা সেতুর পশ্চিম পাশের গাইড ওয়াল ও তিনটি স্পেন নির্মাণ করে। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ঠিকাদারি প্রতিষ্ঠান হঠাৎ সেতুটির নির্মাণকাজ বন্ধ করে দেয়। সেই থেকে ১০ বছর ধরে সেতুটির কাজ আর হয়নি। সরফভাটা ইউপির সাবেক চেয়ারম্যান ফজল কাদের চৌধুরী জানান, দীর্ঘ ১০ বছর সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় চার ইউনিয়নের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধে। ফলে বর্তমান সরকারের পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ সেতুটির নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেন। সড়ক ও জনপথ বিভাগ সেতুটির নির্মাণকাজের ব্যয় দুই কোটি ৯২ লাখ টাকা পুনর্নির্ধারণ করেন। পারিসা এন্টারপ্রাইজ নামে অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির পুনর্নির্মাণ কাজ পায়। ২০০৯ সালের মাঝামাঝি সময়ে সেতুর নির্মাণকাজ আবার শুরু হয়ে গত এপ্রিল মাসে শেষ হয়। সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপনির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, সেতু নির্মাণকাজ ১০ বছর ধরে ঝুলে থাকার পরও পরিবেশ ও বনমন্ত্রীর সদিচ্ছায় মাত্র দুই বছরে শেষ করা সম্ভব হয়েছে। সংযোগ সড়ক নির্মাণে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগও নিয়েছেন তিনি। গণপূর্ত মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সেতুর দুইপাশে প্রায় দুই একর পরিমাণ জমি অধিগ্রহণের জন্য ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।