অবশেষে কষ্ট দূর হচ্ছে বোয়ালগাঁওবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর আগে চলাচলের অযোগ্য হয়ে যাওয়া আনোয়ারা সদরের খুব কাছে অবস্থিত বোয়ালগাঁও গ্রামের সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। কাঠের পাটাতন দিয়ে তৈরি একমাত্র সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার করুণ দশা প্রথম আলোর ‘আলোকিত চট্টগ্রামে’ একাধিক সংবাদ প্রকাশিত হয়। বর্তমানে সাড়ে ২৫ লাখ টাকা ব্যয়ে পাকা সেতু নির্মাণকাজ শুরু হয়েছে।আনোয়ারা সদরের এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি গ্রাম বোয়ালগাঁও। এই গ্রামের বাসিন্দাদের নানা কাজে প্রতিদিন যেতে হয় আনোয়ারা সদরে। তার জন্য কাঠের পাটাতন দিয়ে তৈরি সেতুটিই একমাত্র ভরসা। ২০১০ সালে এটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ার পর এটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। সীমাহীন ভোগান্তি ও ঝুঁকি নিয়ে যাতায়াত করেছে এলাকাবাসী। কোনো রোগীকে হাসপাতাল নিয়ে যেতে, কারও বিয়ে বা পূজা-পার্বণে এলাকাবাসীকে দুই কিলোমিটার জায়গা ঘুরে শোলকাটা দিয়ে যাতায়াত করতে হতো।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪ ফুট প্রস্থ ও ৩৬ ফুট দৈর্ঘ্য পাকা সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ ৫০ হাজার টাকা। আর সেতুটিতে অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নির্মাণ সময় ধরা হয়েছে ৭৫ দিন।স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পরেশ কান্তি সরকার বলেন, এ সেতুটি পাকা হওয়ার কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে। তিনি প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশিত না হলে হয়তো সেতুটি হতে আরও বিলম্ব হতো।সেতুটির নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আনোয়ারা সদরের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ বলেন, সেতুটি পাকা হলে বোয়ালগাঁওবাসীর কষ্টের শেষ হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের দাবিও পূরণ হবে।আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবদুল আউয়াল বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় সেতুটি পাকা হচ্ছে।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘সেতুটির করুণ দশার কথা সংবাদমাধ্যমে পড়েছিলাম। বর্তমানে এ সেতুটি নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘ দিনের কষ্ট দূর হতে যাচ্ছে।’