তিন দিন বন্ধ থাকার পর সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমের মধ্যস্থতায় চিটাগাং গ্রামার স্কুলের (সিজিএস-মিডল ও লোয়ার স্কুল) চট্টেশ্বরী ক্যাম্পাসে গত বুধবার থেকে আবার ক্লাস শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের বেতন কমানোসহ (টিউশন ফি) অন্যান্য দাবি পূরণের কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন অভিভাবকেরা। গত ২৫ ফেব্রুয়ারি স্কুলের ‘ওপেন ডে’ তে দাবি-দাওয়া নিয়ে অভিভাবকদের সঙ্গে কর্তৃপক্ষের আলাপ-আলোচনা ঘিরে জটিলতা সৃষ্টি হয়। এর পরদিন থেকে স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। জানা গেছে, স্কুলের অচলাবস্থা নিয়ে অভিভাবক ফোরাম গত ২৬ ও ২৮ ফেব্রুয়ারি সিটি মেয়রের সঙ্গে দুই দফা বৈঠক করেন। ২৮ ফেব্রুয়ারির বৈঠক থেকে টেলিফোনে মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের দীর্ঘ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলে দিতে রাজি হয় কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, ‘স্কুল খোলার ব্যাপারে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেনি। আমাদের দাবি মেনে নেওয়ারও কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। মেয়র সাহেবের অনুরোধে শিক্ষার্থীদের কথা ভেবে এতে আমরা রাজি হয়েছি।’এ ব্যাপারে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি সিজিএস কর্তৃপক্ষের সঙ্গে ছেলেমেয়েদের পড়াশোনার স্বার্থে স্কুল খুলে দেওয়ার ব্যাপারেই শুধু কথা বলেছি। কোনো দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা হয়নি।’এদিকে সিজিএস স্কুল কর্তৃপক্ষ বুধবার তাদের ওয়েবসাইটের (www.chittagonggrammerschool.com) মাধ্যমে জানিয়েছে, সিটি মেয়র ও জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং সবার কল্যাণের কথা ভেবে স্কুল খুলে দেওয়া হচ্ছে। তবে সিজিএসের পলিসির ব্যাপারে কর্তৃপক্ষ সংকল্পবদ্ধ।অভিভাবকদের অভিযোগ, বর্তমানে প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে বেতন দ্বিগুণ করার কথা বলা হয়েছে। এতে শুধু প্লের একজন শিক্ষার্থীর বেতন দাঁড়াবে মাসিক ১৩ হাজার টাকা। বর্তমানে যা ভ্যাটসহ সাড়ে ছয় হাজার টাকা। যেভাবে ঘটনার শুরু: অভিভাবকেরা জানান, জানুয়ারি মাসের শুরুতে মিডটার্ম পরীক্ষার ফলাফল সংগ্রহের জন্য স্কুল ক্যাম্পাসে গেলে শিক্ষকেরা প্রত্যেক অভিভাবককে জানিয়ে দেন জুন-জুলাই সেশন থেকে টিউশন ফি দ্বিগুণ হয়ে যাবে। বিষয়টি শুনে অভিভাবকেরা টিউশন ফি বাড়ানোসহ স্কুলের আরও কিছু অব্যবস্থাপনার বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চান। এ লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি চিটাগাং গ্রামার স্কুল অভিভাবক ফোরামের পক্ষ থেকে স্কুলপ্রধান (হেড অব স্কুল) বরাবরে নয়টি বিষয় তুলে ধরে একটি চিঠি দেয়। এতে তাঁরা স্কুলের মান উন্নয়নে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়গুলোর সুরাহার আশা করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তখন নিয়মানুযায়ী চিঠিটি গ্রহণ (রিসিভ) করেনি। অভিভাবকেরা তখন চিঠিটি ডাকযোগে ও ই-মেইলের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু প্রাপক সেই চিঠি গ্রহণ না করায় ডাক বিভাগের মাধ্যমে ওই চিঠিটি আবার তাঁদের কাছে ফেরত আসে।গত ২৫ ফেব্রুয়ারি সিজিএস স্কুলে ‘ওপেন ডে’ পালন করা হয়। কর্তৃপক্ষ ওই দিন অভিভাবকদের চিঠি দিয়ে স্কুল পরিদর্শনের আমন্ত্রণ জানায়। অভিভাবক ফোরামের সদস্যরা এদিন তাঁদের সেই চিঠিটি আবারও প্রশাসনিক শাখার মাধ্যমে কর্তৃপক্ষকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কর্তব্যরত কর্মকর্তারা তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন। কারণ, সেদিন স্কুলে অধ্যক্ষ বা কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। একপর্যায়ে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী স্কুলে আসেন। তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তাঁর অনুরোধে ওই চিঠিটি গ্রহণ করা হয়। কিন্তু পরের দিন পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। অভিভাবকদের নয় দফা: টিউশন ফি কমানো, পুনর্ভর্তি ফি কমানো, খাবারের মান উন্নয়ন, শিক্ষকের মান উন্নয়ন, নিজস্ব ক্যাম্পাসের ব্যবস্থা, নিজস্ব খেলার মাঠের ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রামাগার, উন্নত স্কুল-পোশাক ও দেরিতে বেতন প্রদানে জরিমানার পরিমাণ কমানো। এসব ব্যাপারে গত বৃহস্পতিবার সিজিএস গ্রামার স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য টেলিফোনে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি। এরপর স্কুল ক্যাম্পাসে গেলে কর্তৃপক্ষের কেউ কোনো কথা বলবেন না বলে জানিয়ে দেওয়া হয়।