অবশেষে ঘুচল রাস্তার কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রীষ্মে ধুলাবালুর অত্যাচার, বর্ষায় কাদা-পানি। এ অবস্থায় বছরের পর বছর কষ্ট সয়ে চলাচল করতে হয়েছে আমাদের। রাস্তা সংস্কারের আবেদন নিয়ে বারবার ধরনা দিয়েছি উপজেলা প্রশাসনে। কোনো কাজ হয়নি। অবশেষে এবার আমাদের কষ্ট লাঘব হলো। সড়কে ইট বিছানো হওয়ায় দীর্ঘদিনের কষ্ট দূর হয়েছে।’
কথাগুলো বলছিলেন রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রানীরহাট এলাকার আবু জাফর (৪৮)। তিনি চলাচল করেন শহীদ রাশেদ মিয়া সড়ক দিয়ে। এই সড়কটির মতো সংস্কার হয়েছে আরও পাঁচটি সড়ক। এসব সড়কেও ইট বিছিয়ে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ঈদের আগেই টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) বিশেষ বরাদ্দ থেকে এসব সড়ক সংস্কার করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশচন্দ্র দাস জানান, প্রায় ৪২ মেট্রিক টন খাদ্যশস্য বিক্রি করে উপজেলার ইসলামপুর ইউনিয়নের খায়রুজ্জামান, আবদুল কাদের, লাম্বার বাপের বাড়ি জামে মসজিদ, রাজানগর ইউনিয়নের হজরত বোয়ালি কলন্দর, শহীদ রাশেদ মিয়া ও কাছিম আলী মাতব্বর বাড়ি সড়কের ১১ কিলোমিটার এলাকায় ইট বিছিয়ে সংস্কার করা হয়। ফলে এসব সড়ক দিয়ে চলাচলকরী ১০ গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট দূর হয়েছে। জানা যায়, রানীরহাট সড়ক সংলগ্ন শহীদ রাশেদ মিয়া সড়ক দিয়ে হালিমপুর, ঘাগড়া ও রানীরহাট গ্রামের চার হাজার মানুষ চলাচল করে। কিন্তু সড়কটি ভাঙা ও কাঁচা হওয়ায় যাতায়াতে মানুষ দুর্ভোগ পোহাত।