অবশেষে চালু হচ্ছে সোনাগাজীর বায়ুবিদ্যুেকন্দ্র

ফেনীর সোনাগাজীতে মুহুরী প্রকল্প এলাকায় স্থাপিত দেশের প্রথম বায়ু বিদ্যুেকন্দ্রটি প্রায় আট বছর পরিত্যক্ত অবস্থায় থাকার পর আবার চালু হচ্ছে। প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে আগামী জানুয়ারির মধ্যে কেন্দ্রটি চালু হবে বলে আশা করা হচ্ছে। ২০০৬ সালের মাঝামাঝি সময়ে কেন্দ্রটিতে পরীক্ষামূলক বিদ্যুত্ উত্পাদন শুরু হওয়ার পর লোকসানের আশঙ্কায় তা বন্ধ করে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আট বছর ধরে বিদ্যুেকন্দ্রটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় এটি নষ্ট হওয়ার উপক্রম হয়। ইতিমধ্যে কেন্দ্রের টাওয়ার এবং অন্যান্য যন্ত্রাংশে মরিচা ধরেছে। কোনো সীমানাপ্রাচীর না থাকায় চুরি হয়ে গেছে মিটার, সংযোগ তার ও বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ। এ ব্যাপারে সোনাগাজী থানায় একটি ডায়েরি (জিডি) করা হয়।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, প্যান এশিয়া নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যুেকন্দ্রটির মেরামতকাজ শুরু করেছে। ঠিকাদারের পক্ষে উপসহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, উপকেন্দ্রের ট্রান্সফরমারগুলো মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে মেরামত শেষে এখানে বিদ্যুত্ উত্পাদন শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিউবো) ২০০৪-০৫ অর্থবছরে ফেনীর সোনাগাজীতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ২২৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি বায়ুশক্তিচালিত বিদ্যুত্ ইউনিট স্থাপন করে। প্রকল্পটি স্থাপন করা হয় ফেনী নদীর ওপর নির্মিত ফেনী রেগুলেটরের (মুহুরী এলাকায়) প্রায় ৫০০ গজ দূরে খোয়াজের লামছি গ্রামে। ভারতের নেভ্যুলা টেকনো সল্যুশনস লিমিটেডের সঙ্গে চুক্তি অনুযায়ী ৫০ মিটার উঁচু টাওয়ার, জেনারেটর, কন্ট্রোল প্যানেল, সাবস্টেশন, ম্যাচিংগিয়ার ইলিমেন্টসহ প্রকল্পের মূল যন্ত্রাংশগুলো আনা হয় ভারত থেকে।
২০০৬ সালের মাঝামাঝি সময়ে কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুত্ উত্পাদন শুরু হয় এবং উত্পাদিত বিদ্যুত্ বিক্রির জন্য ফেনী পল্লী বিদ্যুত্ সমিতির সঙ্গে সই হয় চুক্তি। চুক্তি অনুযায়ী উত্পাদিত বিদ্যুত্ সমিতির কাছে সরবরাহ করা হয় এবং সমিতি ওই বিদ্যুতের বিল পরিশোধও করে। কিন্তু ২০০৬-২০০৭ অর্থবছরে কিছুদিন চলার পর বাতাসের গতিবেগ কম হওয়ায় উত্পাদন কম হবে এবং এতে লোকসান হবে, এ আশঙ্কায় বিদ্যুেকন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়।
জানতে চাইলে বিউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর বলেন, ‘সোনাগাজীর বায়ুবিদ্যুেকন্দ্রটি ছিল ঢাকার প্রধান কার্যালয়ের একটি প্রকল্প। এটির সফল বাস্তবায়ন শেষে ফেনী বিউবোর কাছে হস্তান্তর করারকথা ছিল। কিন্তু লোকসানের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানেও প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে তা মেরামত চলছে। এর বেশি কিছু আমার জানা নেই।’
ফেনী পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক মো. সায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুেকন্দ্রটি কিছুদিন পরীক্ষামূলক চলেছিল বলে শুনেছি। এর চেয়ে বেশি কিছু আমি জানি না।’
স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী শেখ আনোয়ার জানান, ‘বিদ্যুেকন্দ্রটি নির্মাণের পর স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক উত্সাহ দেখা দিলেও কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার পর আমরা হতাশ হই। এখন আবার চালু হচ্ছে জেনে আশান্বিত হয়েছি। কারণ কেন্দ্রটি চালু হলে এ জেলার মানুষ উপকৃত হবেন।’