অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মূল কমিটি গঠনের প্রায় ১০ মাস পর ১৮ এপ্রিল রাতে অসম্পূর্ণ কমিটি পূর্ণ করা হলো। তবে এখনো পর্যন্ত কমিটিতে কারা আছেন তা প্রকাশ করা হয়নি। এ নিয়ে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে একধরনের লুকোচুরি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ পরিস্থিতিতে তৃণমূলের নেতা-কর্মীরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাঁরা অতিদ্রুত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।সংগঠন সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল রাতে ঢাকায় কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্প্রসারিত কমিটির অনুমোদন দেন। ১৫ জনের আংশিক কমিটিকে সম্প্রসারণ করে পূর্ণাঙ্গ কমিটিতে প্রায় ২১৯ জনকে স্থান দেওয়া হয়। সম্প্রসারিত কমিটিতে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা স্থান পায়। এই দুই নেতার অনুসারীদের মধ্যেই এসব পদ বণ্টন করা হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি আমাদের পূর্ণাঙ্গ কোনো তালিকা দেয়নি। তবে কমিটিতে স্থান পাওয়া নেতাদের নামে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে—যা ইতিমধ্যে ইস্যু করার প্রক্রিয়া শুরু হয়েছে।’ উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর পর গত বছরের ২৫ জুন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখায় ১৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এর আগের কমিটি ছিল ১৮৪ সদস্যবিশিষ্ট। সংগঠন সূত্রে জানা গেছে, সম্প্রসারিত কমিটিতে ৩৭ জনকে সহসভাপতি, ১৪ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৩ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া অন্যদেরকে সম্পাদকীয় ও সদস্য পদ দেওয়া হয়েছে। তবে কমিটি সম্প্রসারণের সময় গঠনতন্ত্র মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০(ক) ধারা অনুযায়ী জেলা শাখার নির্বাহী সংসদ হবে ১০১ সদস্যবিশিষ্ট। কমিটিতে সহসভাপতি ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পাঁচজন ও সাংগঠনিক সম্পাদক হবে পাঁচজন।তবে এ প্রসঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে জানান, দীর্ঘদিন পর ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী, যোগ্য, পরীক্ষিত ও নিয়মিত ছাত্রদের নিয়ে সম্প্রসারিত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখার দুই শীর্ষ নেতা আরও জানান, কমিটি গঠনের সময় যাতে ত্যাগীরা বাদ না পড়ে এ জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের অনুরোধ ছিল। তাই কমিটির আকার একটু বড় হয়েছে। তবে কমিটি নিয়ে সবাই খুশি। আশা করি, কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ক্যাম্পাসে মৌলবাদবিরোধী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।এদিকে, নতুন কমিটিতে স্থান পাওয়া অনেকেই এখন পর্যন্ত চিঠি পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ রকম একজন রাসেল চন্দ্র মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কমিটিতে স্থান পেয়েছি বলে শুনেছি। কিন্তু এখনো কোনো ধরনের চিঠি পায়নি।’