অবশেষে ডকে উঠল এমভি বারো আউলিয়া
দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জাহাজ এমভি বারো আউলিয়াকে অবশেষে মেরামতের জন্য নারায়ণঞ্জ ডকে পাঠানো হয়েছে। আগামী জুলাই মাস নাগাদ জাহাজটি চলাচলের উপযোগী হয়ে নৌপথে চলাচল শুরু করবে। এতে ঈদ মৌসুমে যাত্রী পরিবহনে সমস্যার কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। গত এপ্রিল মাসে এর মেরামতকাজ শুরু হয়েছে। সূত্র জানায়, বর্তমানে সন্দ্বীপ-হাতিয়া নৌপথে বিআইডব্লিউটিসির চারটি জাহাজের মধ্যে এমভি আবদুল মতিন ও এমভি মনিরুল হক নামে দুটি জাহাজ জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। এগুলো প্রায়ই মাঝপথে বিকল হয়ে যায়। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। জাহাজগুলোর যান্ত্রিক সমস্যার কারণে গত কয়েক বছর ধরে বিআইডব্লিউটিসি ঈদের সময় যাত্রীসেবার বিশেষ কোনো ব্যবস্থা রাখতে পারছে না। ওই পথে চলাচলরত অপর জাহাজ এমভি আলাউদ্দিনও ২০০৯ সাল থেকে চলাচল অনুপোযোগী হয়ে পড়ে আছে।বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে বিকল এমভি বারো আউলিয়া চট্টগ্রামের সদরঘাট বিআইডব্লিউটিসির ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ২০১১ সালের ২১ জুন বারো আউলিয়ার যাত্রী নিয়ে চলাচলের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে জাহাজটিকে মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলতি বছরের শুরুতে দরপত্রের মাধ্যমে জাহাজটি মেরামতের জন্য ঢাকার হাইস্পিড শিপ বিল্ডার্স কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে চলতি বছর ১৯ জানুয়ারি জাহাজের ইনভেন্টরি লিস্ট (পরিসংখ্যানপত্র) তৈরি হয়। জাহাজটি চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয় গত ৪ ফেব্রুয়ারি। গত ২ এপ্রিল থেকে এটির মেরামতকাজ শুরু হয়। ইতিমধ্যেই বেশির ভাগ কাজ শেষ হয়ে গেছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জে এমভি বারো আউলিয়ার নির্মাণকাজ তদারককারী বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে মেরামতকাজের ৬০ শতাংশ শেষ হয়েছে। আমরা আশা করছি, আগামী জুলাই মাসের মধ্যে এটি পুরোদমে চলাচল উপযোগী করে নৌপথে ছাড়তে পারব। এতে ঈদের মৌসুমে যাত্রীদের কিছুটা বাড়তি সেবা দেওয়া যাবে।’ সূত্র জানায়, বিআইডব্লিউটিসির সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচলকারী চারটি জাহাজের মধ্যে এমভি বারো আউলিয়ার যাত্রী ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এটির প্রায় এক হাজার যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে। জানা গেছে, মনিরুল হক ও আবদুল মতিন নামের জাহাজ দুটির মেরামতের জন্যও দরপত্র আহ্বান প্রক্রিয়া শেষ হয়েছে। এগুলো পর্যায়ক্রমে ডকে পাঠানো হবে। এ দুটি জাহাজের প্রতিটিতে প্রায় তিন শ করে যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে।