অবশেষে তিন বিচারক নিয়োগ পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে
গত তিন মাসে পর পর তিনজন বিচারক নিয়োগ পেয়েছেন পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে। এর মধ্যে আনোয়ারা সহকারী জজ আদালতে বিচারক নিয়োগ হয়েছে দীর্ঘ ২২ বছর পর। বর্তমানে এই তিনজনসহ এ আদালতে বিচারকের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজন। বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা জানান, পটিয়া আদালতে একসঙ্গে পাঁচজন বিচারক নিয়োজিত থাকার ঘটনা বিরল।
সূত্র জানায়, এ আদালতের আওতায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ছাড়াও রয়েছে পটিয়া প্রথম, দ্বিতীয় ও অতিরিক্ত আদালত এবং বোয়ালখালী, চন্দনাইশ ও আনোয়ারা সহকারী জজ আদালত। মোট সাতটি আদালতের মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ ও পটিয়া দ্বিতীয় সহকারী জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ ছাড়া বাকি পাঁচটি আদালত দীর্ঘদিন ধরে বিচারকশূন্য ছিল। ফলে দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ তাঁর আদালত ছাড়াও অন্য ছয়টি আদালতের বিচারকাজও পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতেন। এতে চার উপজেলার হাজারো বিচারপ্রার্থী বিচারে দীর্ঘসূত্রতা ও চরম হয়রানির শিকার হয়ে আসছিলেন।
এ ব্যাপারে গত ৬ জুন প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘পটিয়া যুগ্ম জেলা জজ আদালত-বিচারকের অভাবে নিষ্পত্তির অপেক্ষায় ১৫ হাজার মামলা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
এর প্রায় সাড়ে তিন মাস পর গত ২৬ সেপ্টেম্বর পটিয়া প্রথম সহকারী জজ আদালত, ১৭ নভেম্বর আনোয়ারা সহকারী জজ আদালত ও ২৫ নভেম্বর বোয়ালখালী সহকারী জজ আদালতে জ্যেষ্ঠ বিচারক যোগ দেন।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, নতুন বিচারকেরা যোগ দেওয়ার ফলে এখানকার আদালতে বিচারকসংকটের কারণে সৃষ্ট মামলাজট ধীরে ধীরে কমবে। এতে বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
এ বিষয়ে পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী বলেন, প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে সংবাদ প্রকাশের পর ফলে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে তিন মাসের মধ্যে পর পর তিনজন বিচারক নিয়োগ পেয়েছেন। এতে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।