অবশেষে দুর্ভোগ ঘুচল কৈয়ারবিলবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক-খোজাখালী খালের ওপর নির্মিত কাঠের সেতু  প্রথম আলো
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক-খোজাখালী খালের ওপর নির্মিত কাঠের সেতু প্রথম আলো

‘৪২ বছর ধরে নৌকায় করে খাল পার হয়ে বিভিন্ন জায়গায় যেতে দুর্ভোগ পোহাতে হয়েছে। ছেলেমেয়েদের বিদ্যালয়ে যেতে হয়েছে ঝুঁকি নিয়ে। জনপ্রতিনিধিরা এত বছর ধরে কাঠের কিংবা পাকা সেতু তৈরি করে দেবেন বলে বারবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। এখন কাঠের সেতু হলেও দুর্ভোগ ও ঝুঁকি থেকে আমরা রক্ষা পাব। এতেই আমরা খুশি।’
সম্প্রতি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক-খোজাখালী খালের ওপর সেতু নির্মিত হওয়ার এভাবে প্রতিক্রিয়া জানালেন খিলছাদক এলাকার কৃষক নজির আহমদ (৫৯)।
স্থানীয় লোকজন জানান, কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক, ছোট ভেওলা, দক্ষিণ খিলছাদক, ঘোনাপাড়া, দেওয়ানআলী হাট ও ভরান্যারচর গ্রাম মাতামুহুরী নদী দিয়ে ঘেরা। স্বাধীনতার আগে বসতি না থাকলেও স্বাধীনতার পর থেকে এসব এলাকায় বসতি গড়ে ওঠে। বর্তমানে ছয়টি গ্রামে পাঁচ হাজারের বেশি মানুষ বসবাস করে।
এত দিন নানা প্রয়োজনে তাদের এলাকার বাইরে যেতে হতো নৌকার মাধ্যমে খিলছাদক-খোজাখালী সংযোগ খাল পার হয়ে।
এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে। সম্প্রতি ওই খালের ওপর ২৮০ ফুট দীর্ঘ ও সাত ফুট প্রস্থের একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে ইউনিয়ন পরিষদের উদ্যোগে।
কৈয়ারবিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন জানান, তাঁর বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এত দিন জীবনের ঝুঁকি নিয়ে নদীর ওপার থেকে এপারে আসত। কাঠের সেতুটি নির্মিত হওয়ায় এখন থেকে তারা অনায়াসে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারছে।
ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থবছরে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) ও এশিয়া ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। এতে খরচ হয়েছে দুই লাখ ৩১ হাজার টাকা।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, খিলছাদক-খোজাখালী খালের ওপর একটি সেতু করার জন্য ছয় গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এখন কাঠের হলেও সেতুটি নির্মাণ হওয়ায় এলাকার মানুষ সহজেই অটোরিকশা নিয়ে চলাচল করতে পারছে। ভবিষ্যতে খালের ওপর পাকা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।