অবশেষে ধরা পড়ল ডাকাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি ও আশপাশের এলাকায় কয়েক মাস ধরে ডাকাতির ঘটনা ঘটে চলেছে। ডাকাতির পর প্রতিবার দায়ভার এসে পড়ে এলাকাবাসীর ওপর। তাই স্থানীয় লোকজন ডাকাতদের চিহ্নিত করতে গোপনে পাহারা বসায়। তাতেই কাজ হয়েছে। গত বৃহস্পতিবার ধরা পড়ে ডাকাতদলের সদস্যরা। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত বুধবার মধ্যরাতে সাপছড়ি ইউনিয়নের ফুরামোন পাহাড়ের জঙ্গলে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পায় স্থানীয় লোকজন। তাৎক্ষণিকভাবে তারা জঙ্গলের চারদিক ঘিরে তল্লাশি শুরু করে। অবশেষে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ডাকাতেরা ধরা পড়ে। এর পরপরই শুরু হয় গণপিটুনি। পরে সকাল আটটার দিকে পুলিশকে খবর দিয়ে ডাকাতদের হস্তান্তর করা হয়। এরপর পুলিশ পাহারায় চার ডাকাতকে আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ধরা পড়া ডাকাতেরা হলো—সোহাগ চাকমা (২৪), রতন চাকমা (২৮), সুমন চাকমা (২৪) ও শান্তিময় চাকমা (১৯)। তাদের মধ্যে সোহাগ চাকমা স্থানীয় এবং ডাকাতদলের সর্দার। অন্যরা বিভিন্ন উপজেলা থেকে আসা বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দা কিষ্ট মণি চাকমা ও স্নেহধন চাকমা বলেন, ‘ডাকাতদল আমাদের ঘুম হারাম করে দিয়েছিল। বিভিন্ন এলাকা থেকে এসে ডাকাতি করে চলে যেত আর তার দায়ভার পড়ত আমাদের ওপর।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিরা নিজেদের ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। তাদের পাঁচ সদস্যর মধ্যে একজন অস্ত্রসহ পালিয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।’ তিনি জানান, ডাকাতদের কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া না গেলেও অস্ত্র সরবরাহকারীর নাম পেয়েছেন এবং তাঁকে আটকের চেষ্টা চলছে।