সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের জেলেপাড়ায় মদনাহাট খালের ওপর অবশেষে নির্মিত হয়েছে লোহার সেতু। এত দিন ধরে নড়বড়ে বাঁশের সাঁকো ছিল চলাচলের একমাত্র ভরসা। গত ১০ আগস্ট চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতু।
গত ২৫ ফেব্রুয়ারি ‘নড়বড়ে সাঁকোই ভরসা’ শিরোনামে প্রথম আলোর বিশাল বাংলা পাতায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সাংসদ সেতু নির্মাণের উদ্যোগ নেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মদনাহাট খালের ওপর পুরোনো বাঁশের সাঁকোর দক্ষিণ পাশে সাড়ে ছয় ফুট প্রস্থ ও ১৭০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মিত হয়েছে। এখন স্বাচ্ছন্দ্যে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা।
জেলাপাড়ার বাসিন্দা জগদীশ দাশ বলেন, ৪২ বছর ধরে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হয়েছে ৫০০ পরিবারের লোকজনকে। এবার সেই কষ্ট ঘুচল। এখন নির্বিঘ্নে বৃদ্ধ, নারী, শিশুসহ শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবে। সেতুটি নির্মিত হওয়ায় তিনি স্থানীয় সাংসদ দিদারুল আলম ও প্রথম আলোকে ধন্যবাদ জানান।
স্থানীয় সাংসদ জানান, ফেব্রুয়ারিতে প্রথম আলোর সংবাদটি নজরে পরে তাঁর। এরপর স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বসহকারে নেন। তিনি নিজের তহবিল থেকে ১৫ লাখ ও সরকারি তহবিল থেকে তিন লাখ মিলে ১৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে নির্মাণ করান। গত মে মাসে কাজ শুরু হয়ে শেষ হয় আগস্টের প্রথম সপ্তাহে।