অবশেষে পানির বন্দীদশা থেকে মুক্ত তিন গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৪ দিন পর পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পেল কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের তিন গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে খাল কেটে বন্যার পানি নিষ্কাশন করে জনগণকে বন্যার কবল থেকে রক্ষা করে। ৮ জুলাই প্রথম আলোর ‘আলোকিত চট্টগ্রাম’ পাতায় ‘এখনো পানির নিচে তিন গ্রাম’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন বলেন, প্রথম আলোতে সংবাদটি প্রকাশিত হওয়ার পর সরেজমিনে এলাকা পরিদর্শন করে খাল খননের জন্য খাস জমি চিহ্নিত করা হয়। তারপর স্থানীয় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরীফ উদ্দিন চৌধুরীর প্রচেষ্টা এবং লোকজনের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল কেটে বন্যার পানি নিষ্কাশন করে তিন গ্রামের কয়েক হাজার মানুষকে মুক্ত করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ উদ্দিন চৌধুরী বলেন, গত ২৬ জুন প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মাতামুহুরি নদী উপচে বন্যার পানিতে উপজেলার ১১টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রাম তলিয়ে যায়। ৬ জুলাই পর্যন্ত প্রায় সব ইউনিয়ন থেকে বন্যার পানি নেমে গেলেও কৈয়ারবিল ইউনিয়নের ছোট ভেওলা, ভরন্যারচর ও হামিদুল্লাহ সিকদারপাড়ার কয়েক শ বসতবাড়ি বন্যার পানিতে ডুবে থাকে। কারণ এই তিনটি গ্রাম নিচু জমিতে অবস্থিত। এখন খাল কেটে বন্যার পানি বের করে লোকজনকে বন্যমুক্ত করা হলো। খাল খননের সময় উপস্থিত ছিলেন সনাক-টিআইবি’র সদস্য অধ্যক্ষ এম শাহাব উদ্দিন, টিআইবির চকরিয়া আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী ও শাহজাহান চৌধুরী, স্থানীয় ওয়ার্ড সদস্য এনামুল হক প্রমুখ। ছোট ভেওলা গ্রামের কৃষক নজির আহমদ (৭০) ও রফিক আহমদ(৪০) বলেন, ১৪ দিন পর পানির বন্দীদশা থেকে মুক্তি পেলাম।