অবশেষে বন্ধ হলো ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের হাউজি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হুমায়ুন কবির খোন্দকার হাউজি বন্ধের ঘোষণা দেন। দুই বছর ধরে ওই স্টেডিয়ামে হাউজির নামে জুয়ার আসর চলছিল বলে অভিযোগ রয়েছে।
১০ সেপ্টেম্বর সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমদ চৌধুরীসহ বিভিন্ন বক্তা দীর্ঘদিন ধরে চলে আসা হাউজির নামে জুয়া বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, জেলা ক্রীড়া সংস্থার তহবিল সংগ্রহের নামে দীর্ঘ দিন এভাবে প্রকাশ্যে জুয়া খেলা চলতে পারে না। জেলা প্রশাসক তাঁর সমাপনী বক্তব্যে ওই দিন থেকেই হাউজি বন্ধের ঘোষণা দেন।
হাউজি বন্ধের ঘোষণায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য গিয়াস উদ্দিন জানান, তাঁর জানা মতে, হাউজি খেলতে গিয়ে বেশ কটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। রিকশাচালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন হাউজির প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ে। অনেকে হাউজির টাকা জোগাড়ের জন্য চুরি-ছিনতাইয়ের পথও বেছে নেয়।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, জেলায় খোলাধুলার মানোন্নয়ের জন্যই হাউজির আয়োজন করা হয়েছিল। সম্প্রতি জেলার ক্রীড়াঙ্গনের বেশ উন্নতি হয়েছে।
এ ছাড়া, জেলা ক্রীড়া সংস্থার নামে ব্যাংকে ২৫ লাখ টাকার একটি স্থায়ী আমানত গড়ে তোলা হয়েছে। তবে এ নিয়ে কথা ওঠায় হাউজি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট প্রথম আলোর ক্রোড়পত্রআলোকিত চট্টগ্রামে ‘ফেনী স্টেডিয়ামে হাউজির নামে জুয়া’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ ছাড়া, ফেনীর বেশ কয়েকটি স্থানীয় পত্রিকায়ও এ নিয়ে সংবাদ ছাপা হয়।