অবশেষে বরুমতি খালের ওপর সেতু হচ্ছে
অবশেষে চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের বরুমতি খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২২ ফুট দৈর্ঘ্যের এই সেতু নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৬ লক্ষাধিক টাকা। সেতু নির্মাণে সরকারি বরাদ্দের কথা শুনে আনন্দিত তিন গ্রামের মানুষ।
জানা যায়, সাতবাড়িয়ার হাছনদণ্ডী, কাজীরপাড়া ও মোহাম্মদখালী গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বরুমতি খালের ওপরের নড়বড়ে বাঁশের সাঁকো। ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে পারাপারের সময় প্রায় সময় ঘটে দুর্ঘটনা। তার পরও সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করতে হতো হাজিপাড়ার প্রাথমিক বিদ্যালয়, হাজিপাড়া উচ্চবিদ্যালয়, শাহ আমানত মাদ্রাসা, রশিদিয়া মাদ্রাসা ও গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় লোকজনকে। এখন সেতু নির্মাণে টাকা বরাদ্দের কথা জেনে তিন গ্রামের মানুষ মহাখুশি।
সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদুর রহমান বলেন, সেতু নির্মাণে বরাদ্দের কথা শুনে সবাই খুশি। এই সেতুটি নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাগব হবে।
উপজেলা প্রকল্প বস্তাবায়ন কর্মকর্তা পেয়ার আহমদ ভূঁইয়া বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এই সেতুটি নির্মিত হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৬ লাখ ১২ হাজার ৫১৬ টাকা।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘তিন গ্রামের মানুষের ভরসা নড়বড়ে সাঁকো, ভোট এলেই কেবল সেতুর প্রতিশ্রুতি’ শিরোনামের সংবাদ প্রকাশিত হয়।