কক্সবাজারের চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ জামে মসজিদ থেকে চিরিঙ্গা স্টেশনপাড়া সংযোগ সড়কের উন্নয়নকাজ গত রোববার থেকে আবার শুরু হয়েছে। গত তিন মাস ধরে পৌরসভার সঙ্গে জায়গা ছেড়ে দেওয়া না দেওয়া নিয়ে স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছিল।
পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, সিরাজুল ইসলাম নালা নির্মাণসহ সড়ক সংস্কারের জন্য জায়গা ছেড়ে না দেওয়ায় গত তিন মাস ধরে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ১৫ সেপ্টম্বর সকালে স্থানীয় লোকজন নালা নির্মাণসহ সড়ক সংস্কারের দাবিতে ওই স্থানে প্রতিবাদ সভা করেন। বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে সিরাজুল ইসলামের বাড়ির দেয়াল ভেঙে উন্নয়নকাজ শুরু করা হয়েছে।
তবে সিরাজুল ইসলাম বলেন, ‘পৌর কর্তৃপক্ষ কথা দিয়েছে, নালা নির্মাণে যতটুকু জায়গা লাগে তা নিয়ে আমাকে এক সপ্তাহের মধ্যে পাকা দেয়াল নির্মাণ করে দেবে। জায়গাটি যেহেতু আমার খতিয়ানভুক্ত তাই পৌর কর্তৃপক্ষ কথা না রাখলে আমি আইনের আশ্রয় নেব।’
পৌরসভার প্রকৌশলী বিভাগ সূত্রে জানা গেছে, ২১৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের সংযোগ সড়কটি সংস্কারের জন্য ২০১২-১৩ অর্থবছরে প্রায় ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর প্রথম আলোর আলোকিত চট্টগ্রামে ‘পৌরসভা-বাড়ির মালিক দ্বন্দ্বে বন্ধ সড়কের উন্নয়নকাজ’ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়।