অবশেষে বিক্রি হলো ‘এলটিসি মহেশখালী’ নিলামে ‘রাঙ্গাবালি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে স্ক্র্যাপ হিসেবে বিক্রি হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জাহাজ ‘এলটিসি মহেশখালী’। নিলামে উঠছে ‘এলটিসি রাঙ্গাবালি’।বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, হাতিয়া-সন্দ্বীপ-বরিশাল রুটে চলাচলকারী পরিত্যক্ত জাহাজ দুটির একটি এলটিসি মহেশখালী চলতি মাসে বিক্রি করা হয়। এম ওয়াই ট্রেডিং এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ৪০ লাখ ৩৫ হাজার টাকায় এটি কিনে নেয়। বর্তমানে জাহাজ কাটা চলছে। ‘রাঙ্গাবালির’ নিলাম আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে। এরই পরিপ্রেক্ষিতে দরপত্রে অংশগ্রহণের সিডিউল বিক্রি করা হচ্ছে। উল্লেখ্য, জাহাজ দুটি নিয়ে গত ২৬ জানুয়ারি প্রথম আলোর আলোকিত চট্টগ্রামে ‘এভাবে নষ্ট হবে কোটি টাকার সরকারি জাহাজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সূত্র জানায়, কর্ণফুলী নদীতে বন্দর কর্তৃপক্ষ ক্যাপিটাল ড্রেজিং করছে। বিআইডব্লিউটিসির পরিত্যক্ত জাহাজ দুটি ড্রেজিং এ বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ তিন বার বিআইডব্লিউটিসির কাছে চিঠি দেয়। বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক নুরুল আলম আকন্দ চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, জাহাজ দুটি দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বোর্ড মিটিং ও কেন্দ্রীয় কার্যালয়ের সিদ্ধান্তের আলোকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বন্দরের দৃষ্টি আকর্ষণ ও সরকারি রাজস্বের কথা চিন্তা করে জাহাজ বিক্রির সিদ্ধান্ত হয়। ‘মহেশখালী’ বিক্রি হয়ে এরই মধ্যে অর্ধেক কাটা হয়েছে। রাঙ্গাবালিও কিছু দিনের মধ্যে বিক্রি হবে।