অবশেষে বিদ্যুৎ পেল কাপ্তাইয়ের উজানছড়ি
অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো কাপ্তাইয়ের দুর্গম উজানছড়ি এলাকা। প্রায় চার শ আদিবাসী পরিবার বিদ্যুৎ পেয়ে এখন খুশি। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ২ অক্টোবর বড়ইছড়ির কর্ণফুলী নদীর ঘাট এলাকায় ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালনলাইনের উদ্বোধনের পর উজানছড়ি গ্রামে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় বলে জানা গেছে। বিদ্যুৎ সঞ্চালনলাইন উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, যে উজানছড়িবাসী কোনোদিন বিদ্যুতের কথা চিন্তা করেনি আজ তাদের ঘরে বিদ্যুৎ এসেছে। এখন থেকে এলাকাবাসী বিদ্যুতের আলোয় কাজকর্ম ও শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারবে। পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে প্রচারিত বিনোদন অনুষ্ঠান উপভোগ এবং খবর দেখতে পারবেন সবাই। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের কোনো দুর্গম পাড়া যেন বিদ্যুতের অভাবে অন্ধকারে না থাকে সে উদ্যোগ সরকার নেবে।উদ্বোধন অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং রাঙামাটি জেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক খীশা বিশেষ অতিথি ছিলেন। উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে চিৎমরমের উপজাতীয় নেতা টি এস তালুকদার বলেন, ‘১৯৬০ সালে কাপ্তাইয়ে উৎপাদিত বিদ্যুৎ সারা দেশে সরবরাহ করা হচ্ছে। কিন্তু কাপ্তাই থেকে মাত্র আট কিলোমিটার দূরে উজানছড়ির চার শতাধিক আদিবাসী পরিবার বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিল। তারা দূর থেকে শুধু বিদ্যুতের আলোর ঝিলিক দেখত। এখন নিজের ঘরে বিদ্যুৎ পেয়ে তারা অত্যন্ত খুশি।’ চিৎমরম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া বলেন, ‘চিৎমরম ইউনিয়ন শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এলাকায় বিদ্যুৎ না থাকাই এর কারণ। আশা করি, এখন থেকে স্থানীয় শিক্ষার্থীরাও লেখাপড়ায় এগিয়ে যাবে।’