অবশেষে মাঠে গড়াল প্রিমিয়ার ফুটবল
২০১১ সালের ২৫ নভেম্বর থেকে এ লিগ হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচনের কারণে পিছিয়ে যায়। পরে ডিসেম্বরে দিনক্ষণ ঠিক করেও কয়েকটি দলের অভিযোগের কারণে লিগ শুরু হয়নি। অবশেষে গত শুক্রবার মাঠে গড়াল প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ।এবার লিগের আয়োজক শুধু জেলা ফুটবল অ্যাসোসিয়েশন নয়, সঙ্গী হিসেবে পেয়েছে সিজেকেএসকে। প্রিমিয়ারে ১০টি দল থাকলেও লিগে অংশ নিচ্ছে নয়টি। গত আসরের চ্যাম্পিয়ন রিজেন্সি স্পোর্টস ক্লাব এবারের লিগে অংশ নিচ্ছে না। ফলে দলগুলো সরাসরি লিগ পদ্ধতিতে খেলবে। খেলা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থানে থাকা দলটি রানার্সআপ হিসেবে বিবেচিত হবে। টুর্নামেন্ট কমিটির সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল জানান, নানা কারণে লিগ শুরু হতে দেরি হলো। তবে আশা রাখছি জমজমাট হয়ে উঠবে প্রিমিয়ার ফুটবল। তবে এবার গ্যালারি দর্শকদের জন্য উম্মুক্ত রাখা হয়নি। টিকিটের দাম রাখা হয়েছে প্যাভেলিয়ন ২৫ এবং গ্যালারি ১০ টাকা। লিগের উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ২-০ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার লিগে তাদের যাত্রাটা শুভ করেছে।উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন। বিশেষ অতিথি ছিলেন এ এন জেড প্রপার্টিজের চেয়ারম্যান ইয়াছিন আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী, সিজেকেএস সহসভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোজাম্মেল হক, সিজেকেএস যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, ফুটবল সম্পাদক আল্লামা মো. ইকবাল প্রমুখ।