অবশেষে মাঠে নেমেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী তাহা ইয়াহিয়া। চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তাঁর প্রতীক লাঙ্গলে। গত রোববার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ বড় মসজিদ কবরস্থানের দাদা-দাদির কবর জেয়ারতের পর তাহা নির্বাচনী প্রচারণা শুরু করেন।
প্রতীক বরাদ্দের পর হামলা পাল্টা হামলা ও নানা হুমকি-ধমকির কারণে মাঠে নামতে দেরি হয়েছে বলে জানালেন তাহা। প্রচারণার প্রথম দিন তিনি শাহপরীর দ্বীপের দুঃখ হিসেবে পরিচিত ভাঙা বেড়িবাঁধ ও সড়ক নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন।
গত কয়েক দিন টেকনাফের শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, নিলা, হোয়াইক্যং এবং উখিয়ার কোটবাজার, সোনারপাড়া, রাজাপালং, জালিয়াপালংসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ভোটাররা নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। এসব এলাকায় সাংসদ বদির নৌকা প্রতীকের পাশাপাশি তাহা ইয়াহিয়ার লাঙ্গল প্রতীকের পোস্টার রয়েছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রচারণাও জমে উঠছে। দুপুরের পর একাধিক গাড়ি নিয়ে চলে দুই প্রার্থীর পক্ষে মাইকিং।
উখিয়ার রাজাপালং গ্রামের ভোটার কামাল উদ্দিন (৪৫) বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদিকে আমরা ভালোভাবেই জানি। কিন্তু তাহা ইয়াহিয়া একেবারেই অপরিচিত। তাঁর ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।’
চায়ের দোকানে আড্ডা ও আলোচনায় ভোটাররা বলছেন, সাংসদ বদিকে পরাজিত করা তাহা ইয়াহিয়ার পক্ষে কঠিন হবে। কারণ, জাতীয় পার্টির অবস্থান এখানে দুর্বল। কিন্তু বদিকে ঠেকাতে বিএনপি-জামায়াত গোপনে লাঙ্গলে সমর্থন দিলে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।
তবে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভোটাররা উদ্বিগ্ন। ১৮ ডিসেম্বর উখিয়ার থায়ংখালীতে বদির সমর্থকদের ওপর হামলা চালান তাহার সমর্থকেরা। এ সময় পুড়িয়ে দেওয়া হয় প্রচারণার কাজে নিযুক্ত আটোরিকশা। এই ঘটনার রেশ ধরে পরদিন বদির সমর্থকেরা তাহার সমর্থক পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন, পুড়িয়ে দেন দুটি গাড়ি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ২২ ডিসেম্বর এই আসনের দুই প্রার্থী আবদুর রহমান বদি ও তাহা ইয়াহিয়াকে নিয়ে বৈঠক হয়েছে। দুই প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে চলে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন। ওই দিন জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে দুই প্রার্থী সাংবাদিকদের কাছে শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহা ইয়াহিয়া বলেন, ‘ফজল কাদের ভুট্টু নামের এক নেতার মোবাইল থেকে সাংসদ বদি আমার বাবাকে (মোহাম্মদ ইয়াহিয়া) প্রাণনাশের হুমকি দিয়েছেন। তখন তিনি কক্সবাজারের একটি দৈনিক পত্রিকা অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ ব্যাপারে পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটির তদন্ত করছে পুলিশ।’
হুমকি প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ বদি বলেন, ‘হুমকির অভিযোগটি পুলিশ তদন্ত করে দেখছে। এ নিয়ে এখন মন্তব্য করা ঠিক হবে না।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, প্রশাসন থেকে এই উপজেলার ৪৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, উখিয়া উপজেলাতেও ৩৭টি কেন্দ্রের মধ্যে ২০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।