অবশেষে মিলল ১১৩তম মৌল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আবিষ্কৃত হলো ১১৩তম অজানা মৌল। এই কৃত্রিম মৌলটি তৈরির দাবি করেছেন জাপানের বিজ্ঞানীরা। নয় বছর পরীক্ষা-নিরীক্ষার পর জাপানের বিজ্ঞানীরা গত বুধবার ওই মৌল তৈরি করার ঘোষণা দিয়েছেন। বিষয়টি প্রমাণিত হলে জাপানই হবে পর্যায় সারণিতে নাম লেখানোর অধিকারপ্রাপ্ত এশিয়ার প্রথম দেশ। ১১৩তম মৌলের নিউক্লিয়াসে রয়েছে ১১৩টি প্রোটন। এটা এমন এক পদার্থ, যা গবেষণাগারে তৈরি করতে হবে। কেননা, পৃথিবীতে প্রাকৃতিক অবস্থায় এটা পাওয়া যায় না। বিভিন্ন সময় নানা ধরনের ভারী কৃত্রিম মৌল তৈরি করতে সক্ষম হয়েছেন গবেষকেরা। এর মধ্যে রয়েছে অত্যন্ত ভারী ১১৮তম মৌল, যার অস্থায়ী নাম আনোনকটিয়াম। তবে ১১৩তম মৌল তৈরি করাটা অত্যন্ত কঠিন কাজ। জাপানের আরআইকেইএন নিশিনা সেন্টার ফর অ্যাকসেরলেটর-বেইজড সায়েন্সের গবেষকেরা সম্ভবত সেই অসাধ্যই সাধন করেছেন। সেখানকার বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, গত ১২ আগস্ট ওই মৌল গঠিত হওয়ার পর দ্রুতই তা ধ্বংস হয়ে যায়। তবে ধ্বংস হওয়ার আগে সেটি যে তথ্য-উপাত্ত রেখে গেছে, তা দিয়ে ওই মৌল তৈরির প্রমাণ দেওয়া যাবে। গবেষক দলটির নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী কোসাক মোরশিয়া। প্রসঙ্গত, নতুন মৌল আবিষ্কারের পর্যায় সারণিতে এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জার্মানির বিজ্ঞানীদেরই অবদান রয়েছে। ফক্স নিউজ।