সোনাগাজী পৌরসভার মোস্তফা কমিশনার সড়কের ‘ডাঙগি খালের ওপর ভাঙা সেতু, ঝুঁকি নিয়ে চলাচল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পৌর কর্তৃপক্ষ সেতুটি মেরামতের উদ্যোগ নিয়েছে।১৭ জানুয়ারি প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ছবিসহ সংবাদটি প্রকাশিত হয়। পৌরসভার মেয়র জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সেতুটির বিষয়ে ছাপানো প্রতিবেদনটি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আবদুল হালিম আমাকে দেখান।‘আমি হালিম, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ কলিম উল্লাহ এবং পৌরসভার প্রকৌশল বিভাগের লোকজনকে নিয়ে সেতুটি পরিদর্শন করি। ‘ওই সময় এলাকাবাসীর দাবির মুখে সেতুটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য দুই লাখ টাকা বরাদ্দ করি এবং দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ঠিকাদার নিয়োগের জন্য প্রকৌশল শাখাকে নির্দেশ দিই।’ ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মেহেদী হাসান বলেন, ‘জরুরি ভিত্তিতে সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়ায় আমরা এলাকাবাসী পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এতে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।’ পৌরসভার সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘মেয়রের নির্দেশে আমরা সেতুটি মেরামতের ব্যাপারে প্রয়োজনীয় কাজ শুরু করেছি।’কাউন্সিলর শেখ কলিম উল্লাহ বলেন, এই সেতু মেরামতের কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং দুই ওয়ার্ডের শিক্ষার্থীসহ জনসাধারণ নানাভাবে উপকৃত হবে।