অবশেষে সংস্কার হচ্ছে আনোয়ারার পাঁচ সড়ক
অবশেষে আনোয়ারা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন পাঁচাটি সড়কের সংস্কারকাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে সড়কগুলোর দরপত্র-প্রক্রিয়া শেষ হয়েছে। সংস্কারকাজে ব্যয় হবে দুই কোটি ৪০ লাখ টাকা।
উল্লেখ্য, আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থার চিত্র তুলে ধরে গত ২৪ নভেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘আনোয়ারায় একটিও ভালো সড়ক নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এর আগে গত ১২ সেপ্টেম্বর ‘সড়কের এই হাল’ শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই দুটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর উপজেলার গুরুত্বপূর্ণ পাঁচটি সড়ক সংস্কারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
এলজিইডি কর্তৃপক্ষ জানায়, ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ তৈলারদ্বীপ সরকারহাট-বরুমচড়া সড়ক, তিন কিলোমিটার দীর্ঘ তজমুল আলী ডিসি সড়ক, সাত কিলোমিটাির দীর্ঘ মোহছেন আউলিয়া-রায়পুর সড়ক, আড়াই কিলোমিটার দীর্ঘ আনোয়ারা-বারখাইন ইউনিয়ন পরিষদ সড়ক ও দুই কিলোমিটার দীর্ঘ রুস্তমহাট-কানুমাঝিরহাট সড়ক সংস্কারের আওতায় আনা হয়েছে।
সূত্র জানায়, উপজেলায় ৩৭০ কিলোমিটার সড়ক রয়েছে। তারমধ্যে ২২৭ কিলোমিটার সড়ক কাঁচা। জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী শিরাজুল ইসলাম বলেন, ‘আনোয়ারা উপজেলার পাঁচটি সড়ক সংস্কারের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হয়েছে। আশা করছি, শিগগিরই কাজ শুরু হবে। এসব সড়কের কাজ হবে অগ্রাধিকারের ভিত্তিতে।’