অবশেষে সংস্কার হচ্ছে মহেশখালী জেটি
কক্সবাজারের মহেশখালীর জরাজীর্ণ জেটির চেহারা পাল্টে যাচ্ছে। দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় জনগণের ভোগান্তি দূর করতে পৌর কর্তৃপক্ষ প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে জেটির দুই পাশের রেলিং ও সংযোগ সড়কের সংস্কারকাজ শুরু করেছে। এ ছাড়া জেটিতে পর্যটকদের সুবিধার জন্য একটি যাত্রীছাউনি ও একটি বিশ্রামাগার নির্মাণ করা হবে বলে জানা গেছে।পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার গোরকঘাটার পূর্ব পাশে ১৯৮৮ সালে প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের একটি জেটি ও জেটিসংলগ্ন আধা কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। এরপর ২২ বছর ধরে ওই জেটি ও সড়কের কোনো সংস্কার করা হয়নি। এতে জেটির বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দেয়। ভেঙে যায় জেটির দুই পাশের রেলিং। ফলে জেটির ওপর দিয়ে যান চলাচল গত পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। এমনকি জেটির ওপর দিয়ে হেঁটে চলাচলের ক্ষেত্রেও দুর্ভোগের শিকার হন পর্যটকসহ স্থানীয় জনগণ। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন ছাড়াও প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। অবশেষে পৌরসভার মেয়র মকছুদ মিয়া দায়িত্ব নেওয়ার পর জেটি ও সংলগ্ন সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেটিসংলগ্ন সড়ক ও রেলিং সংস্কারের জন্য ২০০৮-০৯ অর্থবছরে প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ঠিকাদার যথাসময়ে ওই কাজ শুরু করেননি। এ বিষয়ে ঠিকাদার আনোয়ার হোসেন বলেন, ‘মামলাসংক্রান্ত জটিলতার কারণে যথাসময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। এ বছরের ২৭ জানুয়ারি পৌরসভার নির্বাচনের পর মামলার জটিলতার অবসান হলে গত জুন মাসের প্রথম সপ্তাহে কাজ শুরু হয়েছে। বর্তমানে কাজ শেষ পর্যায়ে রয়েছে।’ মহেশখালী পৌরসভার সচিব মোহাম্মদ শামছুদ্দিন জানান, জেটির সংযোগ সড়কের অবশিষ্ট সংস্কারকাজের জন্য এ বছর প্রায় ৩২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজ শুরু হয়েছে ৭ জুলাই। পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাইদুল আলম আশা প্রকাশ করেন, চলতি মাসের মধ্যে জেটির সংস্কারকাজ শেষ হবে।গত রোববার সকালে গিয়ে দেখা গেছে, জেটিসংলগ্ন সংযোগ সড়কের সংস্কারকাজ প্রায় শেষ। রেলিং নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনার বাসিন্দা মনির হোসেন ও শাহাব উদ্দিন বলেন, ‘জেটিটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় স্থানীয় জনগণের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরাও ভোগান্তিতে পড়েন। সংস্কারের মধ্য দিয়ে দীর্ঘদিনের ভোগান্তি থেকে রেহাই পাবেন সংশ্লিষ্ট সবাই।’এ প্রসঙ্গে পৌরসভার মেয়র মকছুদ মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মহেশখালী জেটি জরাজীর্ণ হয়ে পড়ে ছিল। এতে উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছিলেন। তাই পৌরসভার দায়িত্ব নেওয়ার পর প্রথমেই জেটি সংস্কারের উদ্যোগ নিই।’