অবশেষে সংস্কারকাজ আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঠিকাদার মহেশখালী উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের দেড় কোটি টাকার প্রথম পর্যায়ের সংস্কারকাজ শুক্রবার থেকে আবার শুরু করেছেন। ঠিকাদারের লোকজন নানা অজুহাতে পাঁচ মাস ধরে ওই কাজ বন্ধ রেখেছিলেন। এ নিয়ে ১৭ মে প্রথম আলোর আলোকিত চট্টগ্রামে ‘সাড়ে চার কোটি টাকার সংস্কারকাজ বন্ধ!’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে ব্যাপারটি নিয়ে উপজেলা প্রশাসনে আলোচনা হয়। এরপর ঠিকাদার কাজ শুরু করেন। তবে ওই সড়কে অপর অংশে ২ কোটি ৯২ লাখ টাকার এক কিলোমিটারের সংস্কারকাজ এখনো বন্ধ রয়েছে। সোমবার গিয়ে দেখা গেছে, ঠিকাদারের লোকজন প্রথম পর্যায়ের সংস্কারকাজ পুরোদমে চালাচ্ছেন। দুই পাশের নিরাপত্তা দেয়াল (গাইডওয়াল) ও ইটের খোয়া (মেকাডাম) বিছানোর কাজ চলছে। স্থানীয় মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, প্রথম আলোতে সংবাদ পরিবেশন করায় কর্তৃপক্ষের টনক নড়ে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাপের মুখে কাজ শুরু করতে বাধ্য হয়েছেন ঠিকাদার। এ প্রসঙ্গে কাজের তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসকার ইবনে আমির বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে ঠিকাদারের লোকজন দেড় কোটি টাকার সংস্কারকাজ শুরু করেছেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, বর্ষার আগেই ওই সংস্কার কাজ শেষ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।