অবশেষে সচল হচ্ছে ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সচল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটের কারণে প্রায় অচল থাকা ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে তিন দিন ধরে নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি সিন্ডিকেট সভাও অনুষ্ঠিত হয়। এসব উদ্যোগের ফলে কয়েক দিনের মধ্যে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ইতিমধ্যে ৫৪ দিন সিলগালা থাকার পর বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল খুলে দেওয়া হয়েছে। আবাসন-দুর্ভোগে থাকা শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছেন। ফলে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি আগের তুলনায় অনেকটা স্বাভাবিক হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌলাহ প্রথম আলোকে বলেন, ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে আসছেন। কয়েক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে গত কয়েক দিনে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। একই দিন দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জরুরি সিন্ডিকেট সভা। প্রতিটি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে দ্রুত স্বাভাবিক হয় সে ব্যাপারে আলোচনা হয় বলে জানা যায়। প্রসঙ্গত, ছাত্রশিবির চার দফা দাবিতে গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন থেকে ধর্মঘট পালন করে আসছে। ছাত্রশিবিরের উল্লেখযোগ্য দাবিগুলো হলো, বন্ধ থাকা শাহ আমানত হল খুলে দিয়ে বৈধ ছাত্রদের হলে তুলে দেওয়া এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি। গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শাহ আমানত হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে গত মঙ্গলবার রাত পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করেনি সংগঠনটি। ছাত্রশিবিরের ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম গত ১৭ দিনেও পুরোদমে সচল হয়নি।অভিযোগ রয়েছে, শিবির ধর্মঘট সফল করার জন্য বিভিন্ন পন্থা গ্রহণ করে। এর মধ্যে গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে হামলা চালায়। তাদের হামলায় রেলওয়ে পুলিশের তিন সদস্য আহত হন। শিবিরকর্মীরা এ সময় শাটল ট্রেনের চালক গোপালচন্দ্র দাশকে অপহরণ করে নিয়ে যান। এ কারণে দুই দিন শাটল ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরিভাবে ব্যাহত হয়।ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মুহাম্মদ আশিকুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘উপাচার্যের কাছে মোট পাঁচ দফা দাবি পেশ করেছি। দাবিগুলো মেনে নিলে আমরা ধর্মঘট প্রত্যাহার করব।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন মহল ক্যাম্পাস পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী এক যুক্ত বিবৃতিতে বলেন, ধর্মঘট পালনের অধিকার সবার রয়েছে। তবে ধর্মঘট পালনের নামে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি কাম্য নয়। একটি ছাত্রসংগঠন ধর্মঘট পালনের জন্য সাধারণ শিক্ষার্থীদের মুঠোফোনে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে এবং শ্রেণীকক্ষে পাঠদান অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের তালাবদ্ধ করে রাখার ঘটনা ন্যক্কারজনক ও নিন্দনীয়। এসব কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে, সাধারণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাদ্দাম হোসেন ও মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাজীবন শেষ করতে চাই। এ জন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।’ একই মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইরফানুল হক, হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল হাসান ও সোহরাব হোসেনও। তাঁরা বলেন, ‘আমরা সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই।’