ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তিন বছরের বেশি সময় ধরে পড়ে থাকা এক্স-রে যন্ত্রটি অবশেষে সচল করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে ১ ডিসেম্বর থেকে এটি চালু করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবাশিষ দত্ত প্রথম আলোকে জানান, দীর্ঘদিন এক্স-রে যন্ত্রটি নষ্ট হয়ে পড়েছিল। রোগীদের স্বার্থের কথা বিবেচনা করে ত্রুটি সরিয়ে এটি চালু করা হয়।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কার্যালয় সূত্র জানায়, ২০০৫ সালের ৭ জুলাই এক্স-রে যন্ত্রটি স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। প্রায় পাঁচ বছর সচল থাকার পর ২০১০ সালের ২৮ আগস্ট থেকে এটি বিকল হয়ে যায়। এরপর আর মেরামত করা হয়নি। এ নিয়ে গত ২৪ নভেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘ফটিকছড়ি স্বাস্থ্যকেন্দ্রে বিকল এক্স-রে যন্ত্র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি এবং এক্স-রে যন্ত্র চালু করতে উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এস এম রাশেদুল আলম জানান, এখানে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ জন রোগী অন্তর্বিভাগ এবং বহির্বিভাগে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। গত বুধবার চিকিৎসা নিতে আসা নাজিরহাট এলাকার মো. রায়হান (২১) বলেন, ‘৭০ টাকা দিয়ে বুকের এক্স-রে করিয়েছি। এতে আমার অর্থের পাশাপাশি সময়ও সাশ্রয় হয়েছে।’ সুয়াবিল গ্রাম থেকে আসা আনোয়ারা বেগম (৪১) বলেন, ‘আমরা বাইরে থেকে চড়া দাম দিয়ে এক্স-রে করাতে পারি না। অল্প টাকায় এখান থেকে পায়ের এক্স-রে করিয়েছি।’