অবশেষে সরকারি হলো দজরপাড়া প্রাথমিক বিদ্যালয়
অবশেষে সরকারি হলো খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের দজরপাড়া প্রাথমিক বিদ্যালয়। এ নিয়ে দুর্গম তিন গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, দুর্গম দজরপাড়ার তিন গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার একমাত্র ভরসা বিদ্যালয়টি। গ্রামবাসীর উদ্যোগে নির্মিত এই বিদ্যালয়ে চারজন শিক্ষক পাঁচ বছর ধরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছিলেন।
বিদ্যালয় জাতীয়করণের তৃতীয় পর্যায়ে দীঘিনালা উপজেলার একমাত্র দজরপাড়া প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দপ্তরের উপসচিব সরদার কেরামত আলীর সই করা এক পত্রে বিষয়টি জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কান্তি চাকমা বলেন, ‘আমরা ২০০৯ সাল থেকে চারজন শিক্ষক জরাজীর্ণ বেড়ার ঘরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছি। পরিবার চালাতে কষ্ট হলেও আমরা বিদ্যালয় ছেড়ে চলে যায়নি। আমাদের কষ্ট আজ সফল হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝরনা চাকমা বলেন, দজরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয়করণ করা হয়েছে। তবে এখনো বিদ্যালয়টির শিক্ষকদের জাতীয়করণের পত্র দেওয়া হয়নি। শিক্ষকেরা জাতীয়করণের আওতায় এলে তাঁরা বেতন পাবেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ জুন প্রথম আলোর আলোকিত চট্টগ্রাম পাতায় ‘ভাঙাঘরে বিদ্যার আলো’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।