কক্সবাজারের চকরিয়া পৌরসভায় ঢোকার মুখের আবর্জনার ভাগাড় অবশেষে সরিয়ে নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ দখল করে মাতামুহুরী সেতু–সংলগ্ন এলাকায় গড়ে তোলা হয় এটি। পৌরসভার কর্তৃপক্ষ ওই আবর্জনার ভাগাড় বালু ও মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে। এই কাজ শুরু হয়েছে ৬ ডিসেম্বর থেকে।
গত ৭ আগস্ট প্রথম আলোর আঞ্চলিক ক্রোড়পত্র আমার চট্টগ্রামে ‘চকরিয়া পৌরসভা ঢোকার মুখে আবর্জনার ভাগাড়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী দ্রুত সময়ের মধ্যে আবর্জনার ভাগাড় সরাতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ১০-১২ জন শ্রমিক আবর্জনার ভাগাড়ের ওপর বালু ও মাটি ফেলছেন। সড়কের পাশের জায়গাটিও উঁচু করা হচ্ছে। আবর্জনার ভাগাড়ের পাশেই রয়েছে ৬০টি পরিবার। জমজম হাসপাতালের অবস্থানও ভাগাড়ের মাত্র ১০০ গজ দূরে।
মাতামুহুরী সেতু–সংলগ্ন এলাকার বাসিন্দা আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আবর্জনার ভাগাড় সরিয়ে নেওয়ায় দুর্গন্ধ ও ভোগান্তি থেকে রক্ষা পাবে এলাকার লোকজন। এ ছাড়া জমজম হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা লোকজনও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।’
জানতে চাইলে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ময়লা আবর্জনা ফেলার জন্য হালকাকারা এলাকায় একটি নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ এখন থেকে ওই জায়গায় আবর্জনা ফেলবে।’ তিনি বলেন, ‘মাতামুহুরী সেতু–সংলগ্ন আবর্জনার ভাগাড়টি ভরাট করে কাকারা ও কৈয়ারবিল এলাকার জিপ ও অটোরিকশা স্টেশন বানানো হচ্ছে।’