
মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মুকবেকি গ্রাম। প্রায় তিন হাজার মানুষের এই গ্রামে যাতায়াতের সমস্যা ছিল প্রকট। ঢোকার মুখে মুকবেকি ছড়ায় সেতু না থাকায় গ্রামে গাড়ি আসত না। ছড়া পারাপারে ভরসা ছিল বাঁশের সাঁকো। বর্ষায় সাঁকো ভেসে গেলে ভোগান্তি বাড়ত। এভাবেই যুগের পর যুগ চলে এসেছে। অবশেষে সেই কষ্ট লাঘব হয়েছে। মুকবেকি ছড়ার ওপর নির্মিত হয়েছে সেতু।
শুধু মুকবেকি নয়, আরও নয়টি গ্রামেও লাগব হয়েছে কষ্ট। দূর হয়েছে এসব গ্রামের যাতায়াতের সমস্যা। প্রতিটি গ্রামে ছড়ার ওপর নির্মিত হয়েছে পাকা সেতু। দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি গ্রামবাসী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, হোয়ানক ইউনিয়নের পূর্ব মাঝেরপাড়া বড়ছড়া, কালালিয়াকাটা ছড়া, কালারমারছড়া ইউনিয়নের ফকিরাঘোনা, মোহাম্মদ শাহঘোনা ছড়া, ইউনুছখালী উচ্চবিদ্যালয় সংযোগ সড়ক, ছোট মহেশখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাঁচা মিয়া সড়কের মুদিরছড়া ছড়া, দক্ষিণ নলবিলার খুইশ্যামারপাড়া, শাপলাপুর ইউনিয়নের মুকবেকি ছড়া, ধুইল্যাছড়ি ছড়া, কুতুবজোম ইউনিয়নের খোন্দাকারপাড়া-তাজারকাটা সংযোগ সড়ক ও মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মগডেইল-সাইরার ডেইল সংযোগ সড়কে ছড়ার ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ১১টি সেতু নির্মাণের জন্য গত মার্চ মাসে প্রায় ২ কাটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেয়। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৪০ থেকে ৬০ ফুট। কার্যাদেশমতে, ১১টি সেতুর মধ্যে ১০টির কাজ জুন মাসে শেষ হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মগডেইল-সাইরার ডেইল সংযোগ সড়কের সেতু নির্মাণকাজ শুরু হয়নি এখনো।

গত রোববার সরেজমিনে দেখা যায়, শাপলাপুর ইউনিয়নের মুকবেকি ছড়ার ওপর সেতু নির্মিত হওয়ায় গ্রামেই চলাচল করছে অটোরিকশা ও রিকশা। এই ইউনিয়নের ধুইল্যাছড়িতে একই অবস্থা। এ ছাড়া কুতুবজোম ইউনিয়নের খোন্দাকারপাড়া ও তাজারকাটা সংযোগ সড়কের নির্মিত সেতুর ওপর স্থানীয় বাসিন্দারা গাড়ি নিয়ে যাতায়াত করছেন।
ধুইল্যাছড়ি এলাকার বাসিন্দা নুর কাদের ও আনোয়ার হোসেন বলেন, ‘বাঁশের সাঁেকা দিয়ে পারাপার করতে গিয়ে স্কুলগামী শিক্ষার্থীরা ভয় পেত। রাতে কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হতো। এখন আমাদের সেই কষ্ট নেই।‘ একই গ্রামের পানচাষি রমিজ উদ্দিন বলেন, ‘সাঁকো দিয়ে পারাপার করার সময় অনেকেই দুর্ঘটনার শিকার হন। অবশেষে আমাদের কষ্টের দিন শেষ হয়েছে।’
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, একটি সেতুর কারণে পাল্টে গেছে দুই গ্রামের বাসিন্দাদের যাতায়াতব্যবস্থা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, মানুষ ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে পারাপার করতে গিয়ে নানাভাবে ভোগান্তির শিকার হয়েছিলেন। মানুষের ভোগান্তি দূর করতে স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক সেতু নির্মাণের উদ্যোগ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, সেতু পেয়ে ১০ গ্রামের বাসিন্দারা বেশ খুশি। এখন সেতুর ওপর দিয়ে স্থানীয় বাসিন্দারা সহজেই যাতায়াত করছেন।