অবশেষে ২৫ কিলোমিটারে সংস্কারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর ও জনতা বাজার সড়কের ২৫ কিলোমিটার অংশের সংস্কারকাজ শুরু হয়েছে। তিন বছর ধরে সংস্কারবিহীন ছিল সড়কের এই অংশ। ২০১১ সালে বর্ষায় পাহাড়ি ঢলে সড়কটি তলিয়ে যায়।
জানা গেছে, তিন বছর আগে পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিপাতে গোরকঘাটা-শাপলাপুর ও জনতা বাজার সড়কের শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা, জেমঘাটের দক্ষিণ এলাকা, বারিয়ারপাড়া ও মিঠাছড়িসংলগ্ন এলাকায় ভেঙে গিয়ে খানাখন্দ সৃষ্ট হয়। দিনের পর দিন ভাঙা সড়ক সংস্কার না হওয়ায় গর্তগুলো ছোটখাটো জলাশয়ের রূপ নেয়। এ কারণে স্থানীয় লোকজন ওই সড়ক দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহায়। কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেক উল্লাহ নির্বাচিত হওয়ার পর ভাঙা সড়ক সংস্কারের উদ্যোগ নেন। এরপর সড়ক সংস্কারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় সাড়ে আট কোটি টাকা বরাদ্দদেয়।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, গোরকঘাটা-শাপলাপুর ও জনতা বাজারের ২৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় আট কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেয়। পরে ওই সড়কের সংস্কারকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘র্যাব আরসি প্রাইভেট লিমিডেট’। দরপত্রের কার্যাদেশ অনুযায়ী, সড়কের দুপাশে মাটি ভরাট, কার্পেটিং, কালভার্ট ও নালা এবং প্রতিরোধক দেয়াল নির্মাণ করা হবে। চলতি বছরের ২১ এপ্রিল শুরু করে ২০১৫ সালের ৩ মার্চ কাজ শেষ করার কথা রয়েছে। ঠিকাদার ৮ মে থেকে সংস্কারকাজ শুরু করেন।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন বলেন, সড়কের সংস্কারকাজ শেষ হলে জনগণের দুর্ভোগ অনেক কমে যাবে।
আশেক উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার সড়কগুলো সংস্কার না হওয়ায় জনগণের ভোগান্তির শেষ নেই।