
প্রথম বিদেশ সফরে একটু তো ভয়-রোমাঞ্চ-আনন্দ থাকাই স্বাভাবিক। কিসের কি! স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম সম্মানজনক প্রতিযোগিতা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহণের রোমাঞ্চের কাছে বাকি সব নস্যি!
গণিতের এই মহাযজ্ঞে শামিল হওয়ার সুবাদে এবারই প্রথম বিদেশে ভ্রমণের সুযোগ হলো আহমেদ জাওয়াদ চৌধুরীর। বলছিল, ‘আইএমও তে অংশ নিলাম। এই অভিজ্ঞতাই তো সবচেয়ে বড়।’ এ বছর বাংলাদেশের গণিত দলে জাওয়াদ ছাড়াও ছিল আসিফ-ই-ইলাহী, মো. সানজিদ আনোয়ার, সাজিদ আখতার, মো. সাব্বির রহমান ও এস এম নাঈমুল ইসলাম—সব মিলিয়ে ছয়জন।
এ বছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৫৭তম আসর বসছিল হংকংয়ে, চলতি মাসের ৬ থেকে ১৬ তারিখ। আসিফ, সানজিদ ও সাজিদ এবার নিয়ে তৃতীয়বার অংশ নিয়েছে, তাই ‘হংকং’ দেখার চেয়ে ‘অঙ্কং’ নিয়েই ওদের সময় কেটেছে বেশি। ওদিকে নাঈমুল আর সাব্বির এবার দ্বিতীয়বারের মতো অংশ নেয়।
হংকং থেকে আধডজন খুদে গণিতবিদের এই দল বেশ ভালো খবর নিয়ে এসেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ দল সব মিলিয়ে একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ এবং দুটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। ১ নম্বরের জন্য আসিফ স্বর্ণপদক আর আহমেদ জাওয়াদ রৌপ্যপদক স্পর্শ করতে পারেনি। একটু আক্ষেপ থাকলেও আগামীবার তাই আরও ভালো কিছু করার প্রত্যাশা জাওয়াদের। এবার মোট ৪৪ জন শিক্ষার্থী স্বর্ণপদক পেয়েছে, রৌপ্য পেয়েছে ১০১ জন, আর ব্রোঞ্জজয়ীর সংখ্যা ১৩৫। ‘পারফেক্ট স্কোর’ ৪২-এ ৪২ পেয়েছে ছয়জন। প্রতিযোগিতা ২১৪ নম্বর নিয়ে যুক্তরাষ্ট্র প্রথম, ২০৭ পেয়ে দক্ষিণ কোরিয়া দ্বিতীয় এবং ২০৪ নম্বর নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীন। মোট ১১২ পয়েন্ট পেয়ে ১০৯টি দেশের মধ্যে বাংলাদেশের দলীয় অবস্থান ৩৫। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১১৩ নম্বর পেয়ে ৩৪তম, শ্রীলঙ্কা ৬৬তম ও পাকিস্তান ৯১তম। বাংলাদেশের শিক্ষার্থীরা এবারই দলীয়ভাবে প্রথমবারের মতো ‘সেঞ্চুরি’ পেরিয়ে ১১২ নম্বর অর্জন করেছে, যা গত বছর ছিল ৯৭। আর হ্যাঁ, মনে করিয়ে দিই, ২০০৫ সালে প্রথমবার বাংলাদেশ পেয়েছিল ৩ নম্বর!
অলিম্পিয়াডের পরীক্ষা নিয়ে দুদিনের উত্তেজনার রেশ কাটিয়ে হংকং শহর ঘুরে দেখার সুযোগ পেয়েছিল সবাই। জীবনে প্রথমবারের মতো ডিজনিল্যান্ডে যাওয়ার সুযোগ প্রতিযোগীরা হাতছাড়া করেনি। আসিফ জানায়, ‘পরীক্ষার ধকল কাটাতে ডিজনিল্যান্ডে যাওয়াটা জরুরি ছিল।’
১০৯টি দেশের ৬০২ জন প্রতিযোগী এই অলিম্পিয়াডে অংশ নেয়। হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে বসেছিল অলিম্পিয়াডের মূল আয়োজন। পাশেই ছিল সমুদ্র। সাব্বির বলছিল, ‘অদ্ভুত এক ক্যাম্পাসে এবার অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। পাহাড়ের ওপরে-নিচে একাধিক ভবন নিয়ে এই ক্যাম্পাস। এক বিল্ডিংয়ের ১১ তলায় উঠে আরেক বিল্ডিংয়ের নিচতলায় যাওয়ার এক অদ্ভুত অভিজ্ঞতা এবার আমাদের হলো।’ আর কিছু? সাজিদ বলল, ‘স্থানীয় সব মানুষ দেখতে একই রকম লাগছিল। আমাদের নিয়ে ওরাও বোধহয় এমনটাই ভাবে।’
ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় ‘গণিত উৎসব ২০১৬’ ও ‘চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের’ মাধ্যমে এই ছয় শিক্ষার্থীকে নির্বাচন করে বাংলাদেশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। সবকিছু ঠিক থাকলে, আগামী ডিসেম্বরে আবারও শুরু হবে গণিত উৎসব। আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যারা বাংলাদেশের পতাকা ওড়াতে চাও, প্রস্তুতি নিচ্ছ তো?