অবসরভাতা চান তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজাদ হিন্দ ফৌজের প্রবীন দুই যোদ্ধা কে পেরুমাল (বামে) ও এসপি মুথুভেল
আজাদ হিন্দ ফৌজের প্রবীন দুই যোদ্ধা কে পেরুমাল (বামে) ও এসপি মুথুভেল

ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়েছিলেন তাঁরা। হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। কিন্তু তাঁরা এখনো ভারত সরকারের দেওয়া অবসরভাতা-সুবিধা থেকে বঞ্চিত। তাঁরা হলেন, মিয়ানমারে বসবাসরত ভারতীয় প্রবীণ স্বাধীনতা সংগ্রামীরা। ভারত সরকার স্বাধীনতা-সংগ্রামীদের যে অবসরভাতা দেয়, তা দেওয়া হয় না তাঁদের। এই প্রবীণ যোদ্ধারা এখন অবসরভাতা দাবি করছেন।
ভারতের স্বাধীনতা-আন্দোলনের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তাঁর ওই বাহিনীতে যোগ দেন শত শত ভারতীয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর বছরগুলোতে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির যেসব কর্মকর্তা ও সেনা পূর্ব রণাঙ্গনে জাপানিদের হাতে ধরা পড়েন, পরে তাঁরা সুভাষ চন্দ্র বসুর প্রতি আনুগত্য প্রকাশ করেন। আজাদ হিন্দ ফৌজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গঠনে সহায়তা করেন তাঁরা।
১৯ শতকের শুরুর দিকে দক্ষিণ ভারতের হাজারো তামিল খামারশ্রমিক হিসেবে কাজ করার জন্য মিয়ানমারে পাড়ি জমান। তাঁদের বংশধরেরা ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন। তাঁদেরই একজন লেফটেন্যান্ট কে পেরুমাল। ইয়াঙ্গুনে একটি কাঠের বাড়িতে বাস করেন। ৮৮ বছর বয়সী পেরুমালের বাড়ির এক কোনায় রাখা আছে স্টিলের একটি বাক্স। যেটিতে রাখা আছে পুরোনো সংবাদপত্রের ক্লিপিং ও আলোকচিত্র। যা তাঁকে ফিরিয়ে নিয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দিনগুলোতে। পেরুমাল বলেন, ‘আমি ১৯৪৩ সালে আজাদ হিন্দে যোগ দিই। তখনো আমি ভারত দেখিনি। আমি ছিলাম এর প্রচার বিভাগে। এই বাহিনীতে যোগ দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে ইউনিটের অন্য সহকর্মীদের সঙ্গে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছিলাম।’

ব্রিটিশবিরোধী লড়াইয়ে যোগ দিয়েছিলেন ৯৪ বছরের এসপি মুথুভেল। ভারতের তামিলনাড়ুতে জন্ম নেওয়া প্রবীণ এই যোদ্ধা বলেন, ‘হিসাবরক্ষক হিসেবে কাজ করতে ১৫ বছর বয়সে আমি বার্মায় আসি। আমি নেতাজির দ্বারা গভীরভাবে প্রভাবিত হই। আজাদ হিন্দ ফৌজে যোগ দেওয়ার জন্য চাকরিও ছেড়ে দিই। আমি কাজ করেছি এই বাহিনীর সরবরাহ বিভাগে। মাঝেমধ্যে আমি বিমান অভিযান পর্যবেক্ষক হিসেবেও কাজ করেছি।’

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু বলেন, ‘বার্মা, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বসবাসরত তামিলরা বড় সংখ্যায় আজাদ হিন্দ ফৌজে যোগ দেন। কয়েকজন বাঙালি ছাড়া “রানি অব ঝাঁসি রেজিমেন্ট” নামে পরিচিত একটি নারী ব্যাটালিয়নের সব সদস্যই ছিলেন তামিল।’

যুদ্ধের সময় জাপানি সেনাদের পাশাপাশি আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়েছিলেন। শুরুতে তাঁরা কিছু সাফল্যও পান। কিন্তু ব্রিটিশদের পাল্টা হামলার মুখে পিছু হটেন তাঁরা।

মুথুভেলের মতো যাঁরা এই যুদ্ধে বেঁচে যান, তাঁদের বেশির ভাগই ধরা পড়েন ও কারারুদ্ধ হন। তবে পেরুমালের মতো কিছু যোদ্ধা পালিয়ে থেকে কারাবাস এড়াতে সক্ষম হন। পেরুমাল বলেন, ‘আমার পরিবারের সদস্যরা আজাদ হিন্দ ফৌজের ইউনিফর্মসহ অন্যান্য দলিলপত্র পুড়ে ফেলেন। অন্য পরিবারগুলোও এই বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জিনিসপত্র নদীতে ডুবিয়ে দেয়।’

ভারতের স্বাধীনতার পর পেরুমাল ও মুথুভেলের মতো হাজারো মানুষ মিয়ানমারে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৭০ সালে ভারত সরকার আজাদ হিন্দ ফৌজের সদস্যদের প্রতি মাসে প্রায় ২৪১ ডলার করে অবসরভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হন মিয়ানমারে থেকে যাওয়া বাহিনীর প্রবীণ সদস্যরা। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয়, অবসরভাতা দেওয়া হবে কেবল ভারতীয় নাগরিকদের। যাঁরা ভারতের বাইরে থাকেন, তাঁদের এই সুবিধা দেওয়া হবে না।

এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেন পেরুমাল। তিনি বলেন, ‘জবাবে ভারত সরকার আমাকে ভারতে স্থায়ী হতে বলেছে। কিন্তু এখানে আমার ১৭ জন সন্তান ও নাতি-নাতনি আছে। আমি সবকিছু ছেড়ে ভারতে চলে যেতে পারি না।’ তিনি বলেন, ‘বার্মার নাগরিক হতে পেরে আমি সুখী। এ দেশ আমাকে সবকিছু দিয়েছে। গুর্খারা যেখানেই থাকুক না কেন, ব্রিটিশ সরকার তাঁদের অবসরভাতা দেয়। ভারত সরকারেরও উচিত একই ব্যবস্থা নেওয়া।’

আজাদ হিন্দ ফৌজের প্রবীণ যোদ্ধারা জানান, মিয়ানমারে কয়েক শ প্রবীণ যোদ্ধা আছেন। তাঁদের বেশির ভাগেরই বয়স ৯০ বছরের কাছাকাছি। তাঁদের কোনো আয় কিংবা সম্পদ নেই। সন্তানদের ওপর নির্ভরশীল তাঁরা। তাঁদের দেখাশোনা করা ভারত সরকারের নৈতিক দায়িত্ব।

দাউদইসলাম

সূত্র: বিবিসি