দীর্ঘ ২৫ বছর কর্মজীবন কাটিয়েছেন কাজী রহমতুল্লাহ। বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন প্রশাসনে। বদলির চাকরি। আজ এখানে তো কাল ওখানে। এভাবে জীবনের এতগুলো বছর কাটিয়েছেন তিনি। এরপর বাজল তাঁর অবসরের ঘণ্টা। অবসর কর্মব্যস্ত মানুষটিকে বদলে দেয়। অবসর নেওয়ার পর কাজী রহমতুল্লাহ মনে হয়, কোথায় যেন ছন্দপতন হয়েছে। জানালেন, ধীরে ধীরে একাকিত্ব ও বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকে। কিন্তু পরিবারের সদস্যরা চাইলেই রহমতুল্লাহর অবসরজীবনকে আনন্দময় করে তুলতে পারেন। সেই চাওয়া, চেষ্টা ও আন্তরিকতা পরিবারের পক্ষ থেকে থাকতে হবে।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেখলা সরকার বলেন, ‘অবসরপ্রাপ্ত ব্যক্তি কর্মজীবনে ব্যস্ত জীবনযাপন করতেন। সারা দিনে বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা, রুটিনমাফিক খাওয়া-দাওয়া ও চলাফেরা—সেই চিরচেনা পরিবেশ তাঁর কাছে হঠাৎ বদলে যায়। এই সময়ে মা-বাবার প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত সন্তানদের। অবসরের পরে তাঁদের পর্যাপ্ত সময় দিতে হবে, যাতে তাঁরা কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন। শুধু আর্থিক দিকই নয়, মানসিকভাবেও তাঁদের সমর্থন দিতে হবে।’কয়েক দিন আগেও তিনিই ছিলেন এই বাড়ির সবকিছুর অভিভাবক। সংসারের সব খরচ তিনিই টেনেছেন। হঠাৎ করে সেটা বদলে গেলে মানসিকভাবে ইতস্তত করতে পারেন। মা-বাবাকে সে রকম পরিস্থিতিতে পড়তে দেওয়া যাবে না। তবে এমন কোনো আচরণ বা কথা বলা যাবে না, যাতে মনে হয় তাঁদের করুণা করা হচ্ছে। কোনো বিরক্তি যেন প্রকাশ না পায়।মনে রাখতে হবে, আজকের কর্মব্যস্ত আপনিও একদিন অবসরে যাবেন। নিজেকে তাঁদের জায়গায় বসিয়ে ভেবে দেখবেন। সারাক্ষণ তাঁদের পাশে বসে থাকতে হবে, এমন নয়। সকালে একসঙ্গে হাঁটতে যেতে পারেন। আবার আলাদা বাসায় থাকলে ছুটির দিনে মা-বাবার সঙ্গে কাটিয়ে আসুন। নিজেরা না যেতে পারলে সন্তানদের, মানে তাঁদের নাতি-নাতনিদের পাঠাতে পারেন। একাকিত্বে যেন না ভোগেন। নাতি-নাতনি ব্যস্ত থাকলে একদিন নিজের গাড়িটা দিয়ে মা-বাবাকে পাঠিয়ে দিন ঘুরতে; তাঁদের কোনো বন্ধুর বাসায় অথবা অন্য কোনো প্রিয় জায়গায়। অবশ্য সবচেয়ে ভালো হয় যদি পুরো পরিবার একসঙ্গে যেতে পারেন।একদিন মা-বাবার বন্ধুদের সবাইকে দাওয়াত করে চমকে দিন। ভাবুন তো, একবার সব বন্ধুবান্ধব বিনা নোটিশে বাসায় চলে এসেছেন, আপনার কেমন আনন্দটাই না লাগত! ওনাদের আনন্দ হবে তার থেকেও বেশি। দিনে অন্তত একটা বেলা সবাই একসঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করুন। রাতে ঘুমানোর আগে একবার খোঁজ নিয়ে দেখুন না, তাঁদের বাতের ব্যথাটা বেড়েছে কি না। এমন ছোট ছোট ভালোবাসা আপনার মা-বাবাকে ভুলিয়ে দিতে পারে একাকিত্বের যন্ত্রণা।