অবস্থা স্বাভাবিক না হলে না খেয়ে মরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের অবরোধ-হরতাল কর্মসূচির কারণে খাগড়াছড়ি জেলার তিন হাজারের বেশি পরিবহন-শ্রমিক আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। পরিস্থিতি সামাল দিতে অনেকে সাময়িকভাবে অন্য পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন। নির্বাচনের পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হলেও ১৮ দল আজ থেকে আবার অবরোধের ডাক দেওয়ায় হতাশ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ি জেলার পরিবহন খাতের পাঁচটি সমিতির আওতায় তিন হাজারের বেশি শ্রমিক স্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন। অস্থায়ীভাবে কাজ করেন আরও কয়েক শ শ্রমিক। টানা অবরোধ-হরতালের কারণে যান চলাচল সীমিত হয়ে পড়ায় তাঁদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অনেক শ্রমিক অলস সময় কাটাচ্ছেন। তাঁরা জানান, দু-তিন মাস ধরে তাঁরা এক রকম বেকার।

খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম বলেন, পরিবহন-শ্রমিকদের বেতন আসে যানবাহনের চাকা ঘুরলে, না ঘুরলে বেতন নেই। অবরোধ-হরতালে খাগড়াছড়িতে দূরপাল্লা বা স্বল্পপাল্লার কোনো যান চলাচল করছে না। শ্রমিক ইউনিয়নের প্রধান সহকারী রণজিৎ দে জানান, সমিতির আওতায় শতাধিক বাস ও দুই শতাধিক জিপ রয়েছে। প্রতিদিন প্রতিটি বাস গড়ে তিন হাজার এবং জিপ এক হাজার টাকা করে লোকসান দিচ্ছে। শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল আজিম বলেন, ‘বছরের শুরুতে অনেক শ্রমিক ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করাতে গিয়ে সমস্যায় পড়েছেন। কিন্তু সামর্থ্য না থাকায় আমরা তাঁদের পাশে দাঁড়াতে পারিনি।’