সার্বিকভাবে এ বছর ফেনী জেলায় ফলাফল গত বছরের তুলনায় কিছুটা খারাপ হয়েছে। কুমিল্লা বোর্ডে ফেনী জেলার সেরা তিনটি উচ্চবিদ্যালয় ২০১০ সালে যথাক্রমে প্রথম, অষ্টম ও ১২তম স্থানে ছিল। বিদ্যালয়গুলো হচ্ছে—ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী পাইলট হাইস্কুল ও ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এর মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও ফেনী পাইলট হাইস্কুল আগের অবস্থান ধরে রাখতে পারেনি। এ ছাড়া এবার ফেনী সদর, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ফলাফল খারাপ হয়েছে। এবার জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৯৯ জন। ২০১০ সালে পেয়েছিল ৬১৫ জন। ফেনী জেলার ১৬৭টি বিদ্যালয় থেকে এ বছর মোট ১০,৮৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৯,৫০৮ জন। অকৃতকার্য হয়েছে ১,৩৫৯ জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের অধীনে ফেনী গার্লস ক্যাডেট কলেজ দ্বিতীয় স্থান দখল করেছে। এ ছাড়া ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় বোর্ডে ১১তম স্থান ও ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১২তম স্থান পেয়েছে। চলতি বছর ফেনী ক্যাডেট কলেজের অবস্থান প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। ৪৬ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। ২০১০ সালেও এ কলেজ থেকে ৪৯ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছিল। ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এ বছর ২০৮ পরীক্ষার্থীর মধ্যে ২০৭ জন পাস করেছে। ১০১ জন জিপিএ-৫ পেয়েছে। মাত্র একজন ছাত্র অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৫২। ২০১০ সালে কুমিল্লা বোর্ডে অষ্টম স্থানে থাকলেও এ বছর খানিকটা পিছিয়ে ১১তম স্থানে নেমে এসেছে বিদ্যালয়টি। ২০১০ সালে ফেনী সরকারি পাইলট হাইস্কুলের ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ জন জিপিএ-৫সহ সবাই পাস করেছিল। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় বোর্ডে ১২তম অবস্থান ধরে রাখতে পেরেছে। এ বছর ২১৯ পরীক্ষার্থীর মধ্যে ২১৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৪। একজন শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। ২০১০ সালে ১৮১ জন পরীক্ষা দিয়ে ৭৯ জন জিপিএ-৫সহ সবাই পাস করেছিল। এ ছাড়া বোর্ডে মেধাতালিকায় স্থান না পেলেও ফেনী শাহীন একাডেমি থেকে ৩১৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩১০ জন। জিপিএ ৫ পেয়েছে ৬২ জন। পাসের হার ৯৭ দশমিক ৭৯। ২০১০ সালে শাহীন একাডেমি থেকে ২৫৭ জন পরীক্ষা দিয়ে ৬৯ জন জিপিএ-৫সহ সবাই পাস করেছিল। ফেনী গার্লস কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ কলেজের ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়ায় বলেন, ‘ভালো ফলাফল কারও একক কৃতিত্বের ব্যাপার নয়। এ জন্য কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবার সম্মিলিত প্রয়াস ছিল, ছিল সুশৃঙ্খল পরিবেশ। পরীক্ষার্থীদের নিয়মিত অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ, অপেক্ষাকৃত দুর্বলদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, যথাসময়ে নির্ধারিত ক্লাস নেওয়া এবং শ্রেণীকক্ষে প্রতিদিন তিনটি করে প্রস্তুতিমূলক কাজ আদায় করা হতো।’ ভালো ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকেরা খুশি উল্লেখ করে তিনি সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, ‘যে মেয়েটি ফেল করেছে তার ফেল করার কথা নয়। তার খাতা পুনর্মূল্যায়ন করা হবে। তা ছাড়া সম্মিলিত ফলাফল আরও ভালো হওয়া উচিত ছিল।’ আগামী দিনে আরও ভালো ফলাফলের প্রত্যাশা করেন তিনি।