অবহেলায় বীর উত্তমের স্মৃতিসৌধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে জন্মেছে আগাছা। বেদিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে পলিথিন, কাগজের প্যাকেট আর শুকনো ঝরা পাতা। ঢোকার মুখের পাকা সিঁড়িটিও ঢেকে যাচ্ছে ঘাসে। অবহেলায় এভাবে পড়ে আছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের স্মৃতিসৌধটি। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কসংলগ্ন মহালছড়ি কলেজ সড়কের মাথায় স্মৃতিসৌধটির অবস্থান।
স্থানীয় লোকজন জানান, স্মৃতিসৌধটি দেখার জন্য বিশেষ কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো কর্তপেক্ষের, তাও তাঁদের জানা নেই। শুধু স্বাধীনতা ও বিজয় দিবস এলে সাধারণভাবে স্মৃতিসৌধটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, স্মৃতিসৌধে অযত্নের ছাপ স্পষ্ট। ঢোকার ফটকে মরচে ধরেছে। ভেতরে চারদিকে অপরিচ্ছন্ন-নোংরা। এটির পেছনে মহালছড়ি কলেজের সীমানাদেয়াল। সেটিও শেওলা জমে বিবর্ণ হয়ে গেছে। মহালছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চোহ্লা প্রু চৌধুরী জানান, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী আসার আগে মেজর জিয়াউর রহমান ও ক্যাপ্টেন কাদেরের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা খাগড়াছড়ির দিক থেকে মহালছড়ি এসে পৌঁছান। মুক্তিযোদ্ধারা খবর পান, রাঙামাটির নানিয়ারচর উপজেলার দিক থেকে হানাদারদের একটি দল মহালছড়ির দিকে আসছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে হানাদারদের প্রতিরোধ করতে মহালছড়ির সিঙ্গিনালা এলাকায় গিয়ে মুক্তিযোদ্ধারা অবস্থান নেন। ২৫ এপ্রিল আনুমানিক বেলা দেড়টা থেকে দুইটার দিকে পাকিস্তানি হানাদাররা এসে মুক্তি বাহিনীর অবস্থানের ওপর আক্রমণ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তুমুল যুদ্ধে ক্যাপ্টেন কাদেরসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আহত হলে পিছু হটেন মুক্তিসেনারা। পরে ২৭ এপ্রিল খাগড়াছড়িতে ক্যাপ্টেন কাদের শাহাদতবরণ করেন। পরে তাঁকে মরণোত্তর বীর উত্তম উপাধি দেওয়া হয়।
মহালছড়ি উপজেলার মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ এই স্মৃতিসৌধ মর্যাদাপূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। স্মৃতিসৌধটি নিয়মিত পরষ্কিার-পরিচ্ছন্নতার জন্য নিদিষ্ট একটি কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় লোকজন।
এ প্রসঙ্গে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজল জাহিদ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ হিসেবে ক্যাপ্টেন কাদেরের স্মৃতিসৌধটি দেখার দায়িত্ব সবার। সেটা যেন মর্যাদাপূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সে ব্যবস্থা নেওয়া হবে।