অবহেলায় পড়ে আছে অচল কার্ডফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণের ফটক দিয়ে বিপণিবিতানে (নিউমার্কেট) ঢুকে চোখ ফেরালেই চোখে পড়ে চারটি কার্ডফোনের বুথ। ওপরে লেখা ‘অল্প খরচে কার্ডফোনে দেশে-বিদেশে কথা বলুন।’ কিন্তু ফোনের রিসিভার তুলে বোঝা গেল একটাও সচল নয়।ভাঙা বুথে জাল বুনে বাস করছে মাকড়সা, পাশের জায়গাটুকু পথশিশুর দখলে। টেলিফোন বুথ নয় যেন জং ধরা লোহালক্কড়ের খাঁচা। অথচ একসময় ভীষণ ব্যস্ত ছিল কার্ডফোনের এ বুথগুলো। সকাল-সন্ধ্যা ও রাতে লাইন ধরে ফোন করতেন মানুষ। এখন বিকল এ কার্ডফোনের দিকে কেউ ফিরেও তাকান না।নগরের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অর্ধশতাধিক কার্ডফোন। মুঠোফোনের জনপ্রিয়তার কারণে একসময়ের জনপ্রিয় কার্ডফোন এখন কেউ ব্যবহার করেন না। অবশ্য রক্ষণাবেক্ষণের অভাব ও কর্তৃপক্ষের অবহেলার কারণে মুঠোফোন জনপ্রিয় হওয়ার আগেই কার্ডফোনের দুরবস্থা শুরু বলে জানান সংশ্লিষ্ট লোকজন। বিপণিবিতানের পাবলিক টেলিফোন সেন্টারের মালিক মো. নাজমুল বললেন, ‘আমি এক বছর ধরে দেখছি কার্ডফোনগুলো পরিত্যক্ত।’ পরিত্যক্ত আরও কয়েকটি বুথ দেখা গেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলা, আগ্রাবাদ টিঅ্যান্ডটি কলোনি, রেলওয়ে স্টেশন, রাইফেলস ক্লাব ও জেনারেল পোস্ট অফিসে। বিপণিবিতানে কেনাকাটা করতে আসা ব্যাংকার সাইফুল ইসলাম বলেন, ‘ছয়-সাত বছর আগে কার্ড কিনে নিউমার্কেটের বুথ থেকে বিভিন্ন স্থানে ফোন করেছি। তখন দোকানে টিঅ্যান্ডটির প্রতি কলের জন্য পাঁচ টাকা নেওয়া হতো। আর দুই ইউনিট কার্ড ব্যবহার করে তিন-চারটি কল করা যেত। এতে আমাদের সুবিধা হতো। এটা ঠিক, মোবাইলের কারণে কার্ডফোন তো বটেই টিঅ্যান্ডটির ল্যান্ডফোনের ব্যবহারও অনেক কমে গেছে।’ জানা যায়, ১৯৯৩ সালে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (টিঅ্যান্ডটি) এবং টেলিফোন শিল্প সংস্থা যৌথ উদ্যোগে চালু করেছিল কার্ডফোন। নগর ও জেলার কয়েকটি উপজেলায় ৮৪টি কার্ডফোন বুথ স্থাপন করা হয়। এসব বুথ দেখাশোনার জন্য ১৩ জন কর্মচারী নিয়োগ করা হয়। দ্রুত জনপ্রিয় হয়েছিল এ ফোন। এক দশক আগেও এসব বুথে দৈনিক পাঁচ-ছয় হাজার কল হতো। দ্রুত জনপ্রিয়তার কারণে নগরের বিভিন্ন এলাকায় একের পর এক কার্ডফোন বুথ স্থাপন করা হয়। নন্দনকানন এক্সচেঞ্জের অধীনে ৫০টি, আগ্রাবাদ একচেঞ্জের ১২টি, ইপিজেড একচেঞ্জের আটটি, বায়েজিদ একচেঞ্জের পাঁচটি, কালুরঘাট একচেঞ্জের তিনটি আর সাগরিকা এক্সচেঞ্জের অধীনে ছিল একটি। এ ছাড়াও পটিয়া ও মিরসরাইসহ কয়েকটি উপজেলায় কার্ডফোন বুথ ছিল। প্রথমদিকে ইতালির ম্যাগনেটিভ টাইপ ফোন দিয়ে কার্ডফোন চালু হলেও পরে ব্যবহূত হয়েছিল জার্মানির চিপ টাইপ ফোন প্রযুক্তি। টেলিফোন শিল্প সংস্থা সূত্রে জানা গেছে, মুঠোফোনের প্রতি মিনিট যখন সাত টাকা ছিল তখনো এ ফোনের প্রতিই বেশি আগ্রহ ছিল গ্রাহকদের। পানের দোকানেও পাওয়া যেত কার্ড। কিন্তু নতুন নতুন মুঠোফোন প্রতিষ্ঠানের সেবা শুরু ও কলের মূল্য কমানোর প্রভাব পড়ে কার্ডফোনে। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও বুথগুলো সরানোর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। টেলিফোন সেটগুলো এভাবে ফেলে না রেখে সেগুলো অন্য কোথাও ব্যবহার করা যায় কি না এ নিয়ে মাথাব্যথা নেই কারও।